ভারতের নতুন ব্যাটিং কোচ!
হরভজন সিং কি তাহলে খাঁটি অলরাউন্ডার হয়ে গেলেন? ভারতের এই বোলিং ভরসা গত বছরের নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে করেছিলেন টানা দুই ইনিংসে সেঞ্চুরি। ওয়ানডেতেও করছেন মারমার কাটকাট ব্যাটিং। নেটেও কাটাচ্ছেন অনেক সময়। গত পরশু বিকেলেই নেটে ঘণ্টা খানেক ব্যাটিং করলেন। ব্যাটিংয়ে মনোযোগ বাড়াতেই পারেন, কারণ এখন সময় টি-টোয়েন্টির। ব্যাটিং না পারলে চলবে? কিন্তু তাই বলে অন্যকে ব্যাটিং শেখানো! গত সোমবারই তাঁকে দেখা গেল জহির খানকে ব্যাটিং টিপস দিতে। কোচ গ্যারি কারস্টেনের ছুড়ে দেওয়া বলে ব্যাটিং করছিলেন জহির খান। এ সময় প্যাড পরা হরভজনকে দেখা গেল দৌড়ে সেদিকে যেতে। কোন বলটা কীভাবে খেলতে হবে, পুল করতে হলে কী করতে হবে, সে বিষয়ে জহিরকে পরামর্শ দিলেন। কীভাবে ব্যাট করলে বল আকাশে উঠে যাওয়ার সম্ভাবনা থাকে, এমন পরিস্থিতি কী করে এড়ানো যায়, তা-ও শেখালেন ভাজ্জি। ওয়েবসাইট।