ভারতের নায়ক অলরাউন্ডার অশ্বিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অবশেষে ধোনির মুখে হাসি’ পুরস্কার বিতরণী মঞ্চে মার্ক নিকোলাসের রসিকতায় মহেন্দ্র সিং ধোনি হেসেই ফেললেন, ‘দল জিতুক আর হারুক, আমি তো সব সময়ই হাসি!’ ধোনির মুখে কাল ছিল জয়ের হাসি। রবিচন্দ্রন অশ্বিনের অলরাউন্ডার সত্তা জেগে না উঠলে হয়তো দেখা যেত পরাজয় মেনে নেওয়া আরেকটি শুষ্ক হাসি!পার্থের উইকেটেও কাল নিয়ন্ত্রিত অফ স্পিনে বড় ভূমিকা রেখেছেন শ্রীলঙ্কাকে ২৩৩ রানে আটকে রাখতে। এই রান তাড়া করতে গিয়েও আরেকটু হলে পা হড়কে গিয়েছিল ভারতের। অশ্বিন যখন উইকেটে গেলেন, ভারতের তখনো চাই ৫৩ রান, হাতে ৪ উইকেট। আরেক পাশে শেষ স্বীকৃত ব্যাটসম্যান রবীন্দ্র জাদেজা। ভারতীয় ক্রিকেটের নতুন ‘টু মিলিয়ন ডলারম্যান’কে নিয়ে ঠান্ডা মাথায় দলকে লক্ষ্যে পৌঁছে দিয়েছেন দীর্ঘদেহী অফ স্পিনার। টেস্ট সিরিজের পর ওয়ানডেতেও ব্যাটিং-সামর্থ্যের প্রমাণ, তারপরও নিকোলাসের কণ্ঠে ‘অলরাউন্ডার’ শুনে লাজুক হাসিতে অশ্বিন বললেন, ‘আমি পুরোপুরিই অফ স্পিনার। তবে দলের প্রয়োজনে আজকের মতো যদি ব্যাটিং করতে পারি, খারাপ কী!’ওয়ানডের দুই ডাবল সেঞ্চুরিয়ান কাল প্রথম খেলতে নেমেছিলেন একসঙ্গে। ২১৯-এর পর ওয়ানডেতে প্রথম নেমে শেবাগ ফিরলেন থার্ডম্যানে ক্যাচ হয়ে। শচীন টেন্ডুলকার দারুণ খেলছিলেন, পেরিয়েছেন শ্রীলঙ্কার বিপক্ষে ৩ হাজার রানের মাইলফলক। জাগিয়েছিলেন শততম সেঞ্চুরির সম্ভাবনাই। কিন্তু হলো না ফিফটিও, ম্যাথুসকে গ্লাইড করতে গিয়ে বল টেনে আনলেন স্টাম্পে। রোহিত-রায়না-ধোনিদের উইকেট ছুড়ে আসার মিছিলে লড়ছিলেন বিরাট কোহলি। ক্রাম্প নিয়েও দারুণ খেলে যাচ্ছিলেন, কিন্তু অযথাই ঝুঁকিপূর্ণ একটি রান নিতে গিয়ে আউট কোহলিও। তবে শ্রীলঙ্কার এখন এমনই দুর্দশা যে জাদেজা-অশ্বিন জুটিকে সামান্য অস্বস্তিতেও ফেলতে পারল না!শ্রীলঙ্কার প্রথম ৫ ব্যাটসম্যানের চারজনই শুরুটা ভালো করেছিলেন। কিন্তু পঞ্চাশ ছাড়াতে পারেন কেবল দিনেশ চান্ডিমাল। দক্ষিণ আফ্রিকার দুর্দান্ত ফর্মটা অস্ট্রেলিয়াতেও বয়ে এনেছেন ২২ বছর বয়সী ব্যাটসম্যান। কিন্তু ইনিংসটাকে নিতে পারেননি তিন অঙ্কে। টস জয়ের পর জয়াবর্ধনে বলেছিলেন, জিততে হলে ২৬০-২৭০ প্রয়োজন। ওই অনুমানই শেষ পর্যন্ত সত্যি হলো। ফোর্ড-জয়াবর্ধনে যুগের শুরুটা হলো পরাজয়ে। তথ্যসূত্র: স্টার ক্রিকেট।সংক্ষিপ্ত স্কোরশ্রীলঙ্কা: ৫০ ওভারে ২৩৩/৮ (থারাঙ্গা ৪, দিলশান ৪৮, সাঙ্গাকারা ২৬, চান্ডিমাল ৬৪, জয়াবর্ধনে ২৩, পেরেরা ৭, ম্যাথুস ৩৩*, থিরিমান্নে ৭, কুলাসেকারা ৭*, মালিঙ্গা ১*; অশ্বিন ৩/৩২, জহির ২/৪২, জাদেজা ১/৪১, বিনয় ১/৫৬)। ভারত: ৪৬.৪ ওভারে ২৩৪/৬ (শেবাগ ১০, টেন্ডুলকার ৪৮, কোহলি ৭৭, রোহিত ১০, রায়না ২৪, ধোনি ৪, জাদেজা ২৪*, অশ্বিন ৩০*; ম্যাথুস ২/৩১, পেরেরা ১/৩৭, প্রসাদ ১/৪৭, মালিঙ্গা ১/৪৯)। ফল: ভারত ৪ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: রবিচন্দ্রন অশ্বিন।