ভারতের নেপথ্য নায়ক কিন্তু জহির
খেলাটার মূল সুর এখনো একই আছে। কিন্তু যখন নকআউট পর্ব শুরু হয়, একটা উত্তেজনা তাতে আপনাআপনি ভর করে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত তাদের সেই কাঙ্ক্ষিত মুহূর্তটি তখনই পেয়েছিল, যখন পরপর দুবার বোলারকে ঠিকমতো খেলতে না পারার পর শান্ত-নির্ভার নিখুঁত যুবরাজ চারটা মারল। ওই শটটাই বুঝিয়ে দিল, এই ভারতীয় দল চরম উত্তেজনার মুহূর্তেও মাথা ঠান্ডা রাখতে জানে এবং শেষ পর্যন্ত যুবরাজই ভারতকে কিন্তু পৌঁছে দিল জয়ের বন্দরে। এখন পর্যন্ত টুর্নামেন্টের সেরা খেলোয়াড় যুবরাজই। শুধু ব্যাটে নয়, বল হাতেও তার ফর্ম দুর্দান্ত।জহির খানও যেভাবে নীরবে নিজের কাজটা করে যাচ্ছে, সত্যিই অসাধারণ। প্রায় প্রতিটি ম্যাচে সে শুরুতেই উইকেট এনে দিয়েছে। দ্বিতীয় স্পেলে ফিরে এসেও বেঁধে রেখেছে প্রতিপক্ষকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওর বোলিং দেখেই বোঝা গেছে, প্রতিটি ব্যাটসম্যান সম্পর্কে ভালোমতো পরিকল্পনা করেই সে নেমেছে। ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। বাঁহাতি ব্যাটসম্যানদের জন্য ও যে ডেলিভারিটি ভেতরে ঢোকায় সেটি সত্যিই অনন্য। ওর এই একটা ডেলিভারিই অনেকগুলো ম্যাচে কিন্তু বড় প্রভাব ফেলেছে ফল নির্ধারণে। গত কয়েক বছরে ও অনেক পথ পেরিয়ে এসেছে। দ্বিতীয় স্পেলে ও যেভাবে রিভার্স সুইং করায়, এ মুহূর্তে সেটি আর কারও পক্ষে সম্ভব নয়।ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের কোয়ার্টার ফাইনাল জয় যেমন একপেশে ছিল, তেমনি নাটকীয় ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউজিল্যান্ডের জয়। আসলে গত বছর বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের সিরিজ পরাজয় ছিল ওদের জন্য দুঃস্বপ্ন। ওরা সেই ভুল থেকেই শিক্ষা নিয়েছে। ওদের বোলিং আক্রমণ সেদিন পুরোপুরি এই কন্ডিশনের সুযোগ নিতে পেরেছে। টুর্নামেন্টের অন্যতম ফেবারিটকে বিদায় করে দেওয়ার মতো দুর্দান্ত ফিল্ডিংও করেছে। প্রতিবারই এই পর্যায়ে এসে হোঁচট খাওয়ার ফলে যে মানসিক একটা বাধা তৈরি হয়েছে, এর থেকে এখন বেরিয়ে আসতে হবে দক্ষিণ আফ্রিকাকে। ওরা আসলেই বড় ম্যাচের চাপ নিতে পারছে কি না, এ সম্পর্কে বিশেষজ্ঞ মত দেওয়ার মতো ব্যক্তি আমি নই। তবে সাদা চোখে দেখলে সে রকমই মনে হয়।সবচেয়ে একঘেয়ে ম্যাচটা শেষেই হলো। শ্রীলঙ্কা স্রেফ উড়িয়ে দিল ইংল্যান্ডকে। এ ম্যাচটা নিয়ে শ্রীলঙ্কার একটাই আক্ষেপ থাকতে পারে, তাদের মিডল-অর্ডার ব্যাটসম্যানরা এদিন মাঠে নেমে ব্যাটিং করার সুযোগই পেল না! তবে কুমার সাঙ্গাকারা নিশ্চয়ই হাসিমুখেই বলবে, এ ধরনের সমস্যার মুখোমুখি সব অধিনায়কই হতে চায়!শেষাংশে এসে রিকি পন্টিংকে নিয়ে দু-এক কথা বলতে চাই। দল হয়তো পারেনি। এবং এর পেছনে হয়তো ফর্ম, সূচি, বৃষ্টিতে ভেসে যাওয়া একটি ম্যাচ—এ রকম অনেক কারণ দেখানো যায়। রিকি নিজে কিন্তু শেষ পর্যন্ত মাথা উঁচু করেই লড়াই করেছে। নিশ্চিত করেছে, অসহায় আত্মসমর্পণ যেন অন্তত তার দল না করে।