ভারতের পক্ষে অস্ট্রেলিয়ার সাফাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থই অনর্থের মূল। ‘পজিশন পেপার’ কিংবা এর সংশোধিত সংস্করণ নিয়ে ক্রিকেট বিশ্বে যে এত তোলপাড়, তার মূলেও অর্থ। বেশি লভ্যাংশের প্রত্যাশা। আইসিসির আয়ের সিংহভাগ জোগানদাতা বলে লভ্যাংশের সবচেয়ে বড় ভাগটাও ভারতের পাওনা বলে সরাসরি দাবি করেছিলেন বিসিসিআইয়ের সাধারণ সম্পাদক সঞ্জয় প্যাটেল। আর তাঁদের এই দাবিটাকে খুবই ন্যায্য মনে করছে ‘বিগ থ্রি’ জোটে তাঁদের সঙ্গী ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
‘যে সবচেয়ে বেশি অবদান রাখে তারই সবচেয়ে বেশি পাওয়া উচিত’—কিছুদিন আগে আইসিসির আয়ের বণ্টন নিয়ে এভাবেই নিজেদের দাবি তুলে ধরেছিলেন সঞ্জয় প্যাটেল। ‘বিগ থ্রির প্রস্তাবিত নতুন লভ্যাংশ বণ্টন ব্যবস্থায়ও তাঁর এই চাওয়ারই প্রতিফলন ঘটেছে। প্রস্তাব গৃহীত হলে এর পর থেকে আইসিসির আয়ের সবচেয়ে বড় অংশ পাবে ভারত। আর এতে ক্রিকেট অস্ট্রেলিয়ারও যে কোনো আপত্তি নেই সিডনি মর্নিং হেরাল্ডকে দেওয়া সাক্ষাৎকারে সেটা স্পষ্ট করে দিয়েছেন সিএ-এর চেয়ারম্যান ওয়ালি এডওয়ার্ডস, ‘আমার মনে হয়, আমরা ন্যায্য আপসই করেছি। ওরা আয়ের ৮০ শতাংশ অবদান রেখে পায় মাত্র ২০ শতাংশ। সবাইকে বুঝতে হবে, এটা ওদের প্রতিদান।’ সংশোধিত প্রস্তাবে আইসিসির সদস্য প্রতিটি দেশেরই লাভ হবে বলেও জানালেন এডওয়ার্ডস, ‘বাস্তবতা হচ্ছে নতুন প্রস্তাবে ১০৬টি দেশই আগের চেয়ে বেশি অর্থ পাবে। কেউই পেছনে যাবে না।’ তিন বড় ক্রিকেট বোর্ডের হাতে আইসিসির সর্বময় ক্ষমতা ছেড়ে দেওয়ার পক্ষে এডওয়ার্ডসের যুক্তি, ‘এই পুনর্গঠন শুধু টেস্ট ক্রিকেট নয়, খেলাটি ভবিষ্যতের জন্যও খুবই গুরুত্বপূর্ণ। সবাই যাতে এর অংশ হতে পারে, আমাদের সে বিষয়ে একমত হতে হবে। আমাদের মূল লক্ষ্য খেলা, অর্থ নয়।’
ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান প্রস্তাবের পক্ষে সাফাই গাইলেও অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এর সমালোচনায় মুখর। দ্য অস্ট্রেলিয়ান-এর এক কলামে লেখা হয়েছে, এটা বিগ থ্রির প্রস্তাব নয় বরং শ্রীনিবাসনের সঙ্গে একমত হওয়া। বিসিসিআইয়ের সঙ্গে সিএ-এর জোট বাঁধাকে ভারতের চাটুকারিতা হিসেবেও ইঙ্গিত দেওয়া হয়েছে।
এই সমালোচনা অব্যাহত আছে প্রস্তাবের বিপক্ষে থাকা পাকিস্তানেও। বিশ্বকাপজয়ী পাকিস্তানের অধিনায়ক ইমরান খান বলেছেন, ‘আমি যদি পিসিবির প্রধান হতাম, তাহলে এই ঔপনিবেশিক শাসনব্যবস্থার বিরুদ্ধে কঠোর অবস্থান নিতাম।’ নিজেদের অবস্থান অবশ্য কিছুটা স্পষ্ট করেছেন পিসিবির সভাপতি জাকা আশরাফও। দুবাইয়ের সভা থেকে দেশে ফিরে তিনি বলেছেন, ‘আমরা যদি অর্থের পেছনে ছুটি, তাহলে ক্রিকেট ধ্বংস হয়ে যাবে। আমরা চার বোর্ড (পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও বাংলাদেশ) যে অবস্থান নিয়েছি তার মানে হচ্ছে, প্রস্তাব ভেবে দেখার জন্য আমরা কিছুটা সময় চাই। আমরা কোনো কিছুর বিপক্ষে নই। তবে আমরা সব আইসিসি সদস্যের মতৈক্যের ভিত্তিতে এগোতে চাই। কিন্তু আমাদের দেশের স্বার্থ, ক্রিকেটের স্বার্থবিরোধী কিছু হলে আমাদের অবস্থান তার বিরুদ্ধে।’ ওয়েবসাইট।