ভারতের পর পাকিস্তানও!
গত ডিসেম্বরেই আন্তর্জাতিক অলিম্পিক কমিটি নিষিদ্ধ করেছে ভারতকে। ভারতের জাতীয় অলিম্পিক কমিটির নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগেই নেমে আসে ওই নিষেধাজ্ঞা। শিগগিরই পাকিস্তানও নাম লেখাতে পাচ্ছে প্রতিবেশীদের পাশে। সরকারি হস্তক্ষেপের অভিযোগে পাকিস্তানকেও অলিম্পিকের জন্য নিষিদ্ধ করতে যাচ্ছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। ‘সুরক্ষার স্বার্থে আমরা শিগগিরই সাময়িক নিষেধাজ্ঞার কথা বিবেচনা করছি’—পরশু গণমাধ্যমকে বলেছেন আইওসির মুখপাত্র মার্ক অ্যাডামস।পাকিস্তানের অলিম্পিক অ্যাসোসিয়েশনের (পিওএ) কর্মকর্তারা অনেক দিন ধরেই দাবি করে আসছিলেন—সরকার পিওএর প্রশাসনে হস্তক্ষেপ করছে। এরই পরিপ্রেক্ষিতে এই সপ্তাহে পিওএ এবং পাকিস্তানের সরকারকে আইওসির সদর দপ্তরে আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হয়। কিন্তু আইওসির আমন্ত্রণে সাড়া দেয়নি পাকিস্তান সরকার। এদিকে অলিম্পিকের প্রাচীনতম খেলা কুস্তি দেখছে অশনিসংকেত। গ্রিসে প্রথম প্রাচীন অলিম্পিক থেকেই কুস্তি যুক্ত। কিন্তু আগামী ২০২০ অলিম্পিকে থাকছে না কুস্তি। আইওসির ১৫ সদস্যের নির্বাহী বোর্ডের সভার ভোটে কুস্তি বাদ পড়ে গেছে। এখন শুধু অপেক্ষা সদস্যদেশগুলোর অনুমোদন। রয়টার্স, এএফপি।