ভারতের প্রতিশোধের সিরিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হার। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজটাও ভারত হারল পাকিস্তানের কাছে। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজটি কি এল সেই ক্ষতে প্রলেপ বোলাতে? পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজটার প্রথমটি আজ রাজকোটে। রাজকোটের উপকণ্ঠে খান্ডেরির সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে প্রথম আন্তর্জাতিক ম্যাচও আজ।নতুন ভেন্যুতেই কি নতুন রূপে দেখা দেবে ভারত? পারবে টেস্ট সিরিজ হারের প্রতিশোধ নিতে? নতুন সূচনার ডাক ইংলিশ শিবিরেও। ভারতের মাটিতে নিকট অতীতে ওয়ানডে রেকর্ড ভয়াবহ। শেষ দুটি সফরেই ৫-০ হারের লজ্জা নিয়ে দেশে ফেরা দলটি ভারতে সিরিজ জয়ের স্বাদ পেয়েছে সর্বশেষ সেই ১৯৮৪-৮৫ সালে। ভারতে ইংলিশরা সর্বশেষ ওয়ানডে জয়ের স্মৃতিতেও এখন ধুলোর আস্তরণ। ২০০৫-০৬ মৌসুমে ৭ ম্যাচ সিরিজের একটি ম্যাচ জিতেছিল ইংল্যান্ড। ভারত অনুপ্রেরণা খুঁজে নিতে পারে ২০১১ সালের ঘটনাপ্রবাহ থেকে। ইংল্যান্ডে গিয়ে টেস্টে সিরিজে ধবলধোলাই হওয়া ভারত হেরেছিল ওয়ানডে সিরিজও। এরপর দেশের মাটিতে ইংলিশদের ডেকে এনে নির্মম প্রতিশোধ নিয়েছিল মহেন্দ্র সিং ধোনির দল। সেবার পারলে এবার কেন নয়?সেই মিশনে ভারত আজ মাঠে নামছে বীরেন্দর শেবাগকে ছাড়াই। আজ গৌতম গম্ভীর ওপেন করতে নামবেন আজিঙ্কা রাহানেকে নিয়ে। পাকিস্তানের বিপক্ষে তিনটি ম্যাচেই ব্যর্থ ব্যাটিং লাইনআপে পরিবর্তন এই একটিই। ওয়ানডে দলে সুযোগ পেলেও অভিষেক হচ্ছে না চেতেশ্বর পূজারার। প্রথম শ্রেণীর ক্রিকেটে দ্বিতীয় ট্রিপল সেঞ্চুরি পেয়েছেন কালই। কিন্তু সেটিতেও কাজ হচ্ছে না। ধোনি সেটি একরকম নিশ্চিতই করে দিয়েছেন।ভারতের যা কিছু সাফল্য, তাতে শেবাগ-গম্ভীর উদ্বোধন জুটির অনেক বড় অবদান। সেই জুটির ব্যর্থতাই যে ভারতের ব্যর্থতার মূলে, ধোনিও বলেছেন সেটি। নতুন উদ্বোধনী জুটির দিকে তাই আশাভরে তাকিয়ে ভারতের অধিনায়ক।ধোনিকে কাল সংবাদ সম্মেলনে উত্তর দিতে হয়েছে তাঁর অধিনায়কত্ব ছাড়া না-ছাড়া নিয়েও। তবে প্রশ্নটা সুকৌশলে এড়িয়েই গেছেন তিনি, ‘আমাদের অপেক্ষা করতে হবে। গুরুত্বপূর্ণ এক সিরিজ শুরুর আগে আমি এটা নিয়ে ভাবছি না। এখন এটা নিয়ে আমাদের ভাবাও উচিত নয়।’১৫ জানুয়ারি কোচিতে দ্বিতীয় ওয়ানডে খেলার পর ভারত-ইংল্যান্ড ক্যারাভান যাবে ধোনির নিজ শহর রাঁচিতে। নিজের শহরে প্রথম আন্তর্জাতিক ম্যাচটা খেলার জন্যও মুখিয়ে আছেন ধোনি। ওয়েবসাইট।