ভারতের প্রথম টেন্ডুলকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাক ২০১৪-এর প্রচ্ছদ
উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাক ২০১৪-এর প্রচ্ছদ

শেষবারের মতো ব্যাট করে ফিরছেন তিনি। মাঠ ছেড়ে যাওয়ার আগে ব্যাটটা উঁচিয়ে ধরলেন ওয়াংখেড়ের গ্যালারির দিকে। ২৪ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের এক অসাধারণ সমাপ্তি! টেন্ডুলকারের বিদায়ী এই মুহূর্তটাই প্রচ্ছদ হয়েছে উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাকের সর্বশেষ সংখ্যার। উইজডেনের ১৫১ বছরের ইতিহাসে এই প্রথম কোনো ভারতীয় ক্রিকেটার জায়গা করে নিলেন অ্যালমানাকের প্রচ্ছদে। যদিও এ বছর উইজডেনের ভারতীয় সংস্করণের দ্বিতীয় সংখ্যার প্রচ্ছদের ছবিটাই ছিল টেন্ডুলকারের।
কিংবদন্তি এই ভারতীয় ব্যাটসম্যানকে নিয়ে প্রচ্ছদ করার অনুভূতিটা শোনালেন উইজডেনের সম্পাদক লরেন্স বুথ, ‘এই খেলাটায় তার মর্যাদা আর আধিপত্য প্রশ্নাতীত। তাঁর অসাধারণ ক্যারিয়ারকে এ বছর সম্মান জানাতে পেরে উইজডেনও দারুণ আনন্দিত।’
ব্যাটসম্যান হিসেবে টেন্ডুলকারের পরিসংখ্যান কতটা সমৃদ্ধ, সেটা বোঝাতে উইজডেন তাঁকে তুলনা করেছে অ্যালিস্টার কুক ও মাইকেল ক্লার্কের সঙ্গে, ‘যদি কেউ প্রমাণ চায় তাহলে গত ডিসেম্বরে পার্থ টেস্টের সময় কুক আর ক্লার্কের টেস্ট ক্যারিয়ার দেখলেই বুঝতে পারবে। ওই টেস্টের একটা মুহূর্তে দুজনের মিলিত পরিসংখ্যান ছিল—২০০ টেস্ট, ১৫৯২১ রান ও ৫১ সেঞ্চুরি।’
টেন্ডুলকারের টেস্ট ক্যারিয়ার তো এটাই নাকি?
প্রচ্ছদে আছেন টেন্ডুলকার। আর উইজডেনের এই সংখ্যায় ২০১৩ সালের বর্ষসেরা পাঁচ ক্রিকেটারের তালিকায় জায়গা পেয়েছেন আরও এক ভারতীয়—শিখর ধাওয়ান। অন্য চারজন অস্ট্রেলিয়ার ক্রিস রজার্স, রায়ান হ্যারিস, ইংল্যান্ডের জো রুট ও ইংল্যান্ড মহিলা দলের অধিনায়ক শার্লট এডওয়ার্ডস। ওয়েবসাইট।