ভারতের প্রস্তুতি যথেষ্ট ছিল না: সৌরভ
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ সময়ের পরিপ্রেক্ষিতে হাইপ্রোফাইল। কিন্তু এই হাইপ্রোফাইল সিরিজে ভারতীয়দের প্রস্তুতি যথেষ্ট ছিল না বলেই মনে করেন সৌরভ গাঙ্গুলি। ২১টি টেস্টে ভারতের বিজয়ে নেতৃত্ব দিয়েছেন। ২০০২ ও ২০০৭ সালে ইংল্যান্ড সফরে অসাধারণ নৈপুণ্য দেখানো ভারতীয় দলের অধিনায়ক আশা করেছিলেন বিশ্বকাপ জয়ের পর ভারতের এবারের ইংল্যান্ড সফরটা হবে দাপুটে। টেস্ট র্যাঙ্কিংয়ে এক নম্বর স্থানে থাকা ভারতীয় দলের প্রতি এ প্রত্যাশাটাও একেবারে অমূলক ছিল না। কিন্তু সব আশার গুড়ে বালি দিয়ে চার টেস্ট সিরিজের প্রথম দুটি টেস্টেই হেরে বসেছে ভারত। সবচেয়ে বড় কথা লর্ডস ও ট্রেন্টব্রিজের দুটো টেস্টেই হারটা হয়েছে শোচনীয় লজ্জার। সৌরভ গাঙ্গুলি ভারতীয় দলের এ অবস্থার জন্য স্বল্প প্রস্তুতিকে দায়ী করে বলেছেন, ‘ইংল্যান্ডে এসে এত হাইপ্রোফাইল সিরিজে খেলতে নামার আগে মাত্র একটি প্রস্তুতি ম্যাচ যথেষ্ট ছিল না। দলটির আরও অন্তত একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলা উচিত ছিল।’ তিনি আরও বলেন, ‘ভারতের এই দলটার কাছে প্রত্যাশা অনেক ছিল। কিন্তু দেখলাম দলটি ২০০২ ও ২০০৭ সালের তুলনায় যথেষ্ট সাধারণ মানের। সবচেয়ে বড় কথা, এই দলটির শীর্ষ খেলোয়াড়েরা বেশির ভাগই ফর্মে নেই।’সিরিজের প্রথম দুটো টেস্ট হারলেও সিরিজ যে ভারতের হাতছাড়া হয়ে গেছে, তা ভাবেন না সৌরভ। তাঁর মতে, সিরিজে যে বাকি দুটো টেস্ট রয়েছে, সে দুটোতে জিতে সিরিজে ফেরার ক্ষমতা দলের রয়েছে। তবে তার আগে প্রয়োজন আত্মবিশ্বাস ও মনোযোগ।’ বিবিসি।