ভারতের ফিল্ডারকে গাধা বললেন নাসের হুসেইন
ইংল্যান্ড ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাসের হুসেইন ভারতীয় ক্রিকেট দলের কয়েকজন ফিল্ডারকে ‘গাধা’ বলে সম্বোধন করেছেন। ভারত ও ইংল্যান্ডের মধ্যে গত বুধবারের টি-টোয়েন্টি ম্যাচের সময় মুনাফ প্যাটেলের বলে কেভিন পিটারসেনের দেওয়া ক্যাচ পার্থিব প্যাটেল ফেলে দেন। এ সময় নাসের কমেন্ট্রি বক্সে বসে ভারতীয় ক্রিকেট দলের ফিল্ডারদের নিয়ে এ মন্তব্য করেন। নাসের হুসেইনের এ অপ্রত্যাশিত মন্তব্যে সব মহল থেকেই সমালোচনার ঝড় উঠেছে। এমনকি সমালোচনায় যোগ দিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার জাহির আব্বাস। তিনি বলেছেন, ‘এটা গ্রহণযোগ্য নয় এবং কারও এ রকম কিছু বলার কোনো অধিকার নেই। এমনকি নিজেদের দলের ব্যাপারেও নয়। এটা ভদ্র মানুষের খেলা। বিসিসিআইয়ের উচিত ভবিষ্যতে এমনটা এড়ানোর জন্য আইসিসিকে কড়া চিঠি লেখা।’এদিকে বিসিসিআইর ভাইস প্রেসিডেন্ট রাজীব শুকলা জানিয়েছেন, তিনি গণমাধ্যম থেকে ঘটনাটি জেনেছেন। নাসের হুসেইনের দিক থেকে এটা ভুল। তিনি যদি এমনটা করেন, বিসিসিআই এই বিষয়টি অবশ্যই খতিয়ে দেখবে।তবে নাসের হুসেইন আত্মপক্ষ সমর্থন করে বলেছেন, ‘আমি দুই পক্ষের ফিল্ডিংয়ের পার্থক্য বলতে চেয়েছি। ইংল্যান্ডের সবাই ভালো ফিল্ডার। আমি বিশ্বাস করি, ভারতের তিন বা চারজন ভালো ফিল্ডার আছে। তবে এখনো মাঠে দুই-একজন গাধাও আছে।’ খবর এনডিটিভি।