হায়দরাবাদ টেস্ট জয়ে ভারতের সামনে বাধা আসলে একটাই, বাজে আবহাওয়া। নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের ঠিক বাধা বলা যাচ্ছে না। টেস্ট বাঁচাতে হলে অবিশ্বাস্য ব্যাটিং করতে হবে তাঁদের। আগামী দুই দিনে হায়দরাবাদে যদি আর বৃষ্টি না হয়, নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা দুই দিন কাটিয়ে দেবেন, এমন আশা করাটা বাড়াবাড়ি।কাল বৃষ্টিবিঘ্নিত তৃতীয় দিনে খেলা হয়েছে মাত্র ৩৭.৩ ওভার। ওই সময়েই ম্যাচের লাগামটা নিজেদের হাতে তুলে নিয়েছে মহেন্দ্র সিং ধোনির দল। প্রথম ইনিংসে মাত্র ১৫৯ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়া নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসেও হারিয়ে ফেলেছে ১ উইকেট, রান ৪১। ইনিংস হার এড়াতেই করতে হবে আরও ২৩৮ রান।কাল খেলা শুরুই হয়েছিল এক ঘণ্টা দেরিতে। আবার মধ্যাহ্নবিরতির এক ঘণ্টা পরই যতি পড়ে যায় দিনের খেলার। মাঝের সময়টুকুতে নিউজিল্যান্ড দেখিয়েছে বিপরীতধর্মী দুই ব্যাটিংয়ের প্রদর্শনী। ফলোঅনে পড়ার পর দ্বিতীয় ইনিংটা খুবই সাবধানী ভঙ্গিতে শুরু করেন দুই ওপেনার মার্টিন গাপটিল ও ব্রেন্ডন ম্যাককালাম। ১৪.৩ ওভারে মাত্র ২৬ রান করার পরই দুর্ভাগ্যজনক আউটের শিকার গাপটিল। প্রজ্ঞান ওঝার বলে এলবিডব্লু হন ১৬ রান করে। টিভি রিপ্লে অবশ্য দেখিয়েছে, বলটা বেরিয়ে যাচ্ছিল অফ স্টাম্পের বাইরে। অন্য প্রান্তে স্বভাববিরুদ্ধ ব্যাটিংয়ে ৫৯ বলে ১৬ রান করে অপরাজিত আছেন ম্যাককালাম। ৫৮তম বলে ইনিংসের একমাত্র চারটি পেয়েছেন এই মারকুটে ব্যাটসম্যান।এর আগে দুই স্পিনার প্রজ্ঞান ওঝা ও রবিচন্দ্রন অশ্বিন ৯ উইকেট ভাগাভাগি করে নিয়েই গুটিয়ে দিয়েছেন নিউজিল্যান্ডের প্রথম ইনিংস। বাকি উইকেটটি পেয়েছেন পেসার উমেশ যাদব। উইকেটকিপার-ব্যাটসম্যান ক্রুগার ফন উইককে শূন্যতে এলবিডব্লু করে তৃতীয় দিনে ভারতকে প্রথম সাফল্য এনে দিয়েছিলেন যাদবই। এরপর ডগ ব্রেসওয়েলকে সঙ্গী করে ৩০ রানের জুটি গড়ে জেমস ফ্রাঙ্কলিন (৪৩*) কিছুটা চেষ্টা করেছিলেন। ১৪১ রানে ব্রেসওয়েলকে ফেরান ওঝা। পরের তিনটি উইকেটই অশ্বিনের। ৩১ রানে ৬ উইকেট, সাত টেস্টের সংক্ষিপ্ত ক্যারিয়ারে এ নিয়ে তৃতীয়বার ইনিংসে ৫ উইকেট পেলেন এই অফ স্পিনার। ওয়েবসাইট।