ভারতের বাধা ম্যাককালাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের দিন বিকেলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিল বোলারদের ব্যাটিং। কাল ঘুরিয়ে দিল ব্যাটসম্যানের বোলিং। ক্রমেই ‘ব্রেক থ্রু বিশেষজ্ঞ’ হয়ে উঠতে থাকা সুরেশ রায়না কাল শেষ বিকেলে আউট করলেন সিরিজে নিউজিল্যান্ডের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যান জেসি রাইডারকে। এই উইকেটটিই হায়দরাবাদ টেস্টের চতুর্থ দিন শেষে এগিয়ে রাখল ভারতকে। ম্যাচ বাঁচাতে শেষ দিনে অন্তত দেড় সেশন ব্যাট করতে হবে নিউজিল্যান্ডকে, হাতে রয়েছে ৬ উইকেট।দুর্দান্ত এক সেঞ্চুরি করে এখনো উইকেটে আছেন ব্রেন্ডন ম্যাককালাম। তবে নিউজিল্যান্ডের ভরসা হয়ে থাকা ব্যাটসম্যান এখন খুঁজছেন ভরসা পাওয়ার মতো আরেকজন। শতরানের উদ্বোধনী জুটি ভাঙার পর তাঁকে দীর্ঘক্ষণ সঙ্গ দিতে পারেননি কেউ। তরুণ কেন উইলিয়ামসন ও অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি ছাড়া মোটামুটি ব্যাটিং জানাও আর কেউ নেই।শচীন টেন্ডুলকারের টেস্ট অভিষেকের ২১ বছর পূর্তির দিন ছিল কাল। প্রিয় বন্ধুকে সাতসকালেই ‘টেস্ট জন্মদিনের’ উপহারটা দিয়ে দেন হরভজন সিং। ৮৫ রান নিয়ে দিন শুরু করেছিলেন, আট নম্বরে নেমে টানা দুই টেস্টে সেঞ্চুরি করা প্রথম ব্যাটসম্যান হয়ে যান দিনের সপ্তম ওভারে। এর আগে এই কীর্তির সবচেয়ে কাছাকাছি গিয়েছিলেন যিনি, সেই ভেট্টোরির বলেই সিঙ্গেল নিয়ে ছুঁয়েছেন শতরান। আট নম্বরে নেমে টানা দুই টেস্টে সেঞ্চুরি ও ৯৯ রান আছে ভেট্টোরির। আগের দিনের পাঁচ ছক্কার সঙ্গে কাল আরও দুটি ছক্কা মেরেছেন হরভজন।কৃতিত্ব অনেকটা প্রাপ্য শ্রীশান্তেরও। ভারতের শেষ ব্যাটসম্যান হিসেবে যখন উইকেটে গেলেন, হরভজনের রান তখন ৩১! এরপর পুরো সময়টা হরভজনকে সমর্থন দিয়ে গেছেন পরম আস্থায়, খেলেছেন ক্যারিয়ারের সবচেয়ে বেশি বল। দুজনের ১০৫ রানের জুটিটা শেষ উইকেটে ভারতের তৃতীয় সর্বোচ্চ জুটি। সঙ্গীকে সেঞ্চুরি পাইয়ে দিতে দারুণ ভূমিকা রাখা তাঁর এবারই প্রথম নয়। আরেক স্পিনার অনিল কুম্বলের একমাত্র টেস্ট সেঞ্চুরিতেও দারুণ সঙ্গ দিয়েছিলেন শ্রীশান্ত, সেবার করেছিলেন ৩৫। শ্রীশান্তকে এলবিডব্লু করে ক্যারিয়ারে ১৯তম বারের মতো ৫ উইকেট নিয়ে ভারতের ইনিংস শেষ করেছেন ভেট্টোরি।ম্যাকিন্টশ-ম্যাককালামের উদ্বোধনী জুটিতেই ১২২ রানের ঘাটতি পুষিয়ে দিয়েছিল নিউজিল্যান্ড। কিন্তু আম্পায়ারের ভুল সিদ্ধান্তে ম্যাকিন্টশ আউট হওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। সিরিজের ধারাবাহিকতা ধরে রেখে ব্যাটিংয়ে সফল হরভজন ২৩ ওভার বোলিং করেও ছিলেন উইকেটশূন্য। ম্যাককালাম খেলেছেন নিজের মতোই, কোনো বোলারকেই ছাড় দেননি। স্পিনারদের বিপক্ষে দেখিয়েছেন দুর্দান্ত পায়ের কাজ। সিরিজটা শুরু করেছিলেন উইকেটকিপিং ছেড়ে শুধু ব্যাটসম্যান হিসেবে ওপেনিংয়ে খেলার চ্যালেঞ্জ নিয়ে। দুই টেস্টে ১০২ গড়ে ২০৪ রান, এক টেস্ট বাকি থাকতেই বলে দেওয়া যায়, চ্যালেঞ্জে ভালোভাবেই জয়ী তিনি! তথ্যসূত্র: ওয়েবসাইট।