ভারতের বিপক্ষে জিততে চান স্যামি
পাকিস্তানের বিপক্ষে সিরিজে সাফল্য বলতে তেমন কিছুই জোটেনি স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের। প্রথমে ওয়ানডে সিরিজটি হেরে গেছে ৩-২ ব্যবধানে। এরপর দুই ম্যাচের টেস্ট সিরিজটিও ড্র হয়েছে ১-১-এ। তবে পাকিস্তানের বিপক্ষে কোনো সিরিজ জিততে না পারলেও ভারতের বিপক্ষে সিরিজ জেতা নিয়ে অনেক আত্মবিশ্বাসী উইন্ডিজের অধিনায়ক ড্যারেন স্যামি।আগামী মাসের ৪ তারিখে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের উইন্ডিজ সফর। ওয়েস্ট ইন্ডিজে তিনটি টেস্ট ও পাঁচটি ওয়ানডে খেলবে ভারত। এ সময় বিশ্বকাপজয়ী ভারতের বিপক্ষে ভালো পারফরমেন্স দেখানোর প্রতিশ্রুতি দিয়ে উইন্ডিজ অধিনায়ক স্যামি বলেছেন, ‘ভারতের বিপক্ষে এই সিরিজটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমাদের অনেক খাটতে হবে এই সিরিজটার জন্য। আমাদের অনেক ভালো ভালো তরুণ ক্রিকেটার আছে। আশা করছি, তারা এই সিরিজে ভালো করতে পারবে আর আমরা সিরিজটা জিততে পারব।’পাকিস্তানের বিপক্ষে বোলারদের পারফরমেন্সেও অনেক সন্তুষ্ট স্যামি। তিনি বলেছেন, ‘গায়ানা টেস্টে আমাদের বোলাররা খুব ভালো বোলিং করেছিল। সেন্ট কিটস টেস্টেও আমরা ওই ধরনের সাফল্যই প্রত্যাশা করেছিলাম। কিন্তু সে রকমটা হয়নি। পাকিস্তান খুবই ভালো খেলেছে। তাদের সেই সম্মানটা দিতেই হবে।’ টাইমস নিউজ নেটওয়ার্ক।