ভারতের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজী আশরাফ হোসেন
গাজী আশরাফ হোসেন

আজও একই মাঠে ম্যাচ। কাজেই ভ্রমণক্লান্তির কোনো সমস্যা নেই। ব্যাটিং-বোলিংয়ে নিজেদের ফিরে পাওয়ার একটা সুন্দর সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশ দলের জন্য। অস্ট্রেলিয়া ম্যাচের পর মাঝের একটা দিনে ভারতের বিপক্ষে লড়ার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি খেলোয়াড়েরা সেরে নিতে পেরেছেন বলেই আমার বিশ্বাস। তবে অস্ট্রেলিয়ার সঙ্গে যে পারফরম্যান্স তাঁরা দেখিয়েছেন, তার চেয়ে আরও উজ্জ্বল কিছু করতে না পারলে ভারতের বিপক্ষে নিজেদের দিকে ফল আনা কঠিন হবে।
সুপার টেনের এই গ্রুপটা খুবই জটিল। ভারত জানে, সেমিফাইনালে যেতে হলে আজ তাদের জেতাটা জরুরি। সঙ্গে তারা চাইবে রানরেটও বাড়িয়ে নিতে। তা ছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের পারফরম্যান্স ভারতকে কিছুটা হলেও সতর্ক করবে।
তামিম ইকবালের অনুপস্থিতি ও ব্যাটিং অর্ডার ঠিক না থাকার পরও গত ম্যাচে ব্যাটসম্যানরা যথেষ্ট ঔজ্জ্বল্য ছড়িয়েছিলেন। সে তুলনায় বোলিং আক্রমণ ছিল বেশ অগোছালো। শুরু থেকেই যেভাবে অস্ট্রেলীয় ব্যাটসম্যানদের চেপে ধরা উচিত ছিল, সেটি হয়নি। প্রথমদিকে ব্রেক-থ্রু খুবই গুরুত্বপূর্ণ। সেই ব্রেক-থ্রু এনে দেওয়ার মতো ধার দেখা যায়নি বোলিংয়ে। এটা ফিরে পেতে হবে। সাকলাইন সজীবকে যদি আত্মবিশ্বাসী মনে না হয়, সেখানে একজন পেসার বাড়ানো যেতে পারে।
পরশু মাশরাফি বিন মুর্তজা মাত্র এক ওভার বোলিং করলেন। কী কারণে আর কোনো ওভার করলেন না, জানি না। বোলিং কোটা পূরণে তাঁকে নিরুৎসাহিত মনে হলো। সাকলাইনের পারফরম্যান্স ও মাশরাফির মাত্র এক ওভার বোলিংয়ে মনে হচ্ছে, আবু হায়দারকে একটা সুযোগ দেওয়া যেতে পারে। ধার, আগ্রাসী মানসিকতা ও বাঁহাতি হওয়ায় নতুন বলে তিনি ভালো বিকল্প হতে পারেন। রোহিত শর্মার বিপক্ষে আবু হায়দার হতে পারেন গুরুত্বপূর্ণ অস্ত্র।
পরিস্থিতির বিচারে বাকি দুটি ম্যাচে সব খেলোয়াড়কে খেলানোর শেষ সুযোগটা নেওয়া উচিত। এই টি-টোয়েন্টি বিশ্বকাপের পর কে দলে থাকবেন, কে থাকবেন না কে জানে! কয়েকজন বাদে অধিকাংশ খেলোয়াড়ই অনিশ্চিত। ফলে যে দুটি ম্যাচ আছে, তাঁদের উচিত হবে সেরাটা দেওয়া। সুযোগ সব সময় আসবে না। যাঁরা একাদশে থাকবেন, তাঁদের উচিত হবে দারুণ এই উইকেটের সুযোগ কাজে লাগানো। ব্যাটসম্যানরা স্বচ্ছন্দ থাকবেন। কারণ, তাঁদের জন্য সুযোগটা বেশি। বোলারদের জন্য উইকেটে একেবারে কিছু নেই, তা নয়। তবে সেটাকে ভালোভাবে কাজে লাগাতে হবে। বোলারদের দারুণ কিছু করতে হলে ফিল্ডারদের সহায়তাও অবশ্য জরুরি।
মোহাম্মদ মিঠুন তাঁর প্রাপ্য সুযোগের সদ্ব্যবহার না করতে পারলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে যতক্ষণ ছিলেন, আস্থার সঙ্গে ব্যাট করেছেন। সাব্বিরকে আরও কৌশলী হতে হবে। তাঁকে অনেকক্ষণ উইকেটে থাকতে হবে। তামিমের সুস্থ হওয়ার ব্যাপারে এখনো কিছু জানি না। ওপরের দিকে ব্যাটিংয়ের সুযোগ দিতে মাহমুদউল্লাহকে নতুন করে প্রমাণের কিছু নেই। প্রত্যাশা থাকবে, আজ বাংলাদেশের ব্যাটিংয়ে আক্রমণাত্মক ছবিটা ফুটে উঠবে।
ভারত খুবই শক্তিশালী দল। তাই বলে আমরা যেন ম্যাচের আগেই ছিটকে না যাই। পুরো ৪০ ওভারেই তাদের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। টি-টোয়েন্টিতে প্রচুর নাটকীয়তা থাকে। যাঁর যাঁর জায়গা থেকে যেন সবাই নিজের সেরাটা দিতে পারেন, সেদিকে সচেতন থাকতে হবে।
ভারত শক্তিশালী হলেও সব দলের মতো তাদেরও কিছু দুর্বলতা আছে। তবে দল বিপর্যয়ে পড়লে কেউ না কেউ তাদের দাঁড়িয়ে যাচ্ছে। ইডেনে পাকিস্তানের বিপক্ষে ভারতের ব্যাটিংয়ে সেটাই দেখলাম। এই রকম দলের বিপক্ষে পর্যাপ্ত পুঁজি না থাকলে বোলারদের লড়াইটা কঠিন হয়ে যায়। অস্ট্রেলিয়ার বিপক্ষে মুস্তাফিজের বোলিং ভালো লেগেছে। তাঁর কাটারগুলো দারুণভাবে কাজে লাগিয়েছেন। তবে ওভারপিচ বল যেন না হয়। মাঠ এমনিতেই ছোট। এখানে চারের চেয়ে ছয়ের সম্ভাবনা বেশি।
গত ম্যাচে বেঙ্গালুরুতে কুয়াশা পড়তে দেখিনি। টসে জিতলে ব্যাটিং নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। আশা করি, বাংলাদেশ আজ সেরা একাদশ নিয়ে মাঠে নামবে। এই ধরনের ব্যাটিংবান্ধব উইকেটে প্রয়োজনে ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনা যেতে পারে। তামিম এলে দল আরও উজ্জীবিত হবে। সবশেষে বলব, এই ম্যাচে মাশরাফিকে আরও সক্রিয় হতে হবে। পারফর্ম করার জন্য মুখিয়ে আছেন—এমন মাশরাফিকেই আমরা দেখতে চাই।