ভারতের বিপক্ষে ম্যাচ বিশেষ কিছু: হাফিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ হাফিজ
মোহাম্মদ হাফিজ

‘ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বিশেষ কিছু, সেটা যেই প্রতিযোগিতাতেই হোক না কেন।’ এ মন্তব্য করেছেন পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক মোহাম্মদ হাফিজ।
আগামী ১৫ জুন চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান। গ্রুপ পর্বে সেটাই পাকিস্তানিদের শেষ ম্যাচ। এর আগে খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে প্রথম দুই ম্যাচ ছাপিয়ে আলোচনার কেন্দ্রে তৃতীয় ম্যাচটি।
চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতির অংশ হিসেবে এই মুহূর্তে আয়ারল্যান্ড সফরে আছে পাকিস্তান দল। সেখানে সাংবাদিকদের হাফিজ বলেন, ‘ভারতের বিপক্ষে ম্যাচ সব সময়ই বিশেষ কিছু। স্বাভাবিকভাবেই ওই ম্যাচের দিকে তাকিয়ে আছি আমরা। তবে প্রতিযোগিতার সবগুলো ম্যাচ আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ।’
চিরপ্রতিদ্বন্দ্বী দলের বিপক্ষে লড়াই সম্পর্কে হাফিজ বলেন, ‘আশা করছি, ভারতের বিপক্ষে ম্যাচটি তীব্র উত্তেজনাপূর্ণ হবে। আমি সব সময় ভারতের বিপক্ষে খেলতে পছন্দ করি। কারণ, ম্যাচের সার্বিক পরিবেশ একেবারে ভিন্ন থাকে। উভয় দল শত ভাগেরও বেশি কিছু করার চেষ্টা করে।’

ইংল্যান্ডে আগামী ৬ জুন থেকে শুরু হতে চলা প্রতিযোগিতায় পাকিস্তান দলে থাকছেন না শহীদ আফ্রিদি, উমর গুল ও ইউনুস খানের মতো জ্যেষ্ঠ ক্রিকেটাররা। তবে ৩২ বছর বয়সী হাফিজ মনে করেন, তাঁদের অভাব পূরণ করার সামর্থ্য তরুণদের রয়েছে। সূত্র: পিটিআই।