ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার ৩৩৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির আগে নিজেদের শক্তিমত্তার জানান দিল শ্রীলঙ্কা। বার্মিংহামে আজ ভারতের বিপক্ষে প্রস্তুতিমূলক ওয়ানডেতে প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ৩৩৩ রানের পাহাড় গড়েছেন লঙ্কানরা।
এ ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কিন্তু তাঁর টস জেতার আনন্দটা মাটি করে দেন শ্রীলঙ্কার উদ্বোধনী দুই ব্যাটসম্যান কুশাল পেরেরা ও তিলকরত্নে দিলশান।
পেরেরা করেন ৮২ রান। দিলশানের সংগ্রহ ৮৪। এই দুই ব্যাটসম্যানের কাউকেই অবশ্য আউট করতে পারেননি ভারতীয় বোলাররা। পরবর্তী ব্যাটসম্যানদের প্রস্তুতির কথা ভেবে ইচ্ছা করেই ক্রিজ ছাড়েন (রিটায়ার্ড হার্ট) তাঁরা।
শ্রীলঙ্কার প্রথম উইকেটের দেখা পেতে ২০৯ রান পর্যন্ত অপেক্ষা করতে হয় ভারতীয় দলকে। ৩৬তম ওভারের প্রথম বলে আউট হন ব্যক্তিগত ৩০ রানে থাকা মাহেলা জয়বর্ধনে। কুমার সাঙ্গাকারা ও দিনেশ চান্ডিমালের সংগ্রহ যথাক্রমে ৪৫ ও ৪৬ রান। থিসারা পেরেরা ২৬ রান নিয়ে অপরাজিত থাকেন।

লঙ্কান ব্যাটসম্যানদের আধিপত্যের দিনের ভারতীয় বোলারদের প্রাপ্তি শুধুই হতাশা। গোটা ইনিংসে মাত্র তিনটি উইকেট হারায় শ্রীলঙ্কা। সেগুলো ভাগাভাগি করে নেন ভুবনেশ্বর কুমার, ইশান্ত শর্মা ও অমিত মিশ্র। সূত্র: ক্রিকইনফো।