ভারতের বিপক্ষেই শক্তি পরীক্ষা: কুক
অ্যান্ডি স্ট্রাউসের পর ইংল্যান্ডের ওয়ানডে দলের অধিনায়কত্বের দায়িত্ব নিয়েছেন অ্যালিস্টার কুক। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটি দিয়ে শুরু হয়েছে তাঁর নতুন ক্যারিয়ার। এখন পর্যন্ত নেতৃত্বের ভারটা মোটামুটি ভালোভাবেই সামলেছেন এ উদ্বোধনী ব্যাটসম্যান। আজ শ্রীলঙ্কার বিপক্ষে পঞ্চম ওয়ানডেটা জিততে পারলেই সিরিজ জয় দিয়ে শুরু হবে তাঁর অধিনায়কত্ব যাত্রা। এখন বিশ্বকাপজয়ী ভারতের বিপক্ষে সিরিজটাতেও নিজেদের শক্তিমত্তা যাচাই করে নিতে চান কুক। আগামী ৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে পাঁচ ম্যাচের এই ওয়ানডে সিরিজ।গতকাল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, ‘অধিনায়ক হিসেবে আমার প্রথম দুটি সিরিজই খেলতে হচ্ছে বিশ্বকাপের দুই ফাইনালিস্ট শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে। সবাই বলছে যে তারা কত শক্ত প্রতিপক্ষ। কিন্তু আমরাও এ সেরা দুটি দলের বিপক্ষেই নিজেদের শক্তিমত্তাটা ভালোমতো যাচাই করে নিতে চাই। এতে নিজেদের সামর্থ্য সম্পর্কেও আমরা একটা ভালো ধারণা পাব।’ ইংল্যান্ড সফরে প্রথমেই চার ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলবে ভারত। এ সময় অধিনায়কের ভার থাকবে অ্যান্ডি স্ট্রাউসের ওপর। বারবার এ অধিনায়কত্ব বদলের ফলে কিছু সমস্যা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই। তবে এমন ভাবনা একেবারেই পাত্তা দিচ্ছেন না কুক। তিনি বলেছেন, ‘অধিনায়কত্বের বদলে কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না। বরং এ কিছু সময়ের বিরতি আমার জন্য অনেক কার্যকরী হতে পারে।’ পিটিআই।