ভারতের বিপক্ষেও জয়ের স্বপ্ন

ভারতে ভীষণ ব্যস্ত সময় কাটছে আরদুজ্জামানের। বিশ্বকাপ কাবাডির সম্প্রচারস্বত্ব পাওয়া টেলিভিশন চ্যানেল স্টার স্পোর্টসের বিভিন্ন অনুষ্ঠানের প্রোমোর জন্য শুটিংয়ে সময় দিতে হচ্ছে। মুঠোফোনে দেশ থেকে আসছে শুভেচ্ছাবার্তার মিছিল। সেসবের উত্তর দিতে হচ্ছে। এরই ফাঁকে স্টার স্পোর্টসের বাঁধা সূচি অনুযায়ী অনুশীলন। আহমেদাবাদে কাল দুপুরে যখন মুঠোফোনে পাওয়া গেল, তখনো বাংলাদেশ কাবাডি দলের অধিনায়কের হাতে তেমন সময় নেই। অনুশীলন সেরে সবে টিম হোটেলে ঢুকেছেন। গোসল সেরে দুপুরের খাবার খাওয়ার অপেক্ষায়।
পরশু বাংলাদেশ কাবাডি দল বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ৫২-১৮ পয়েন্টে হারিয়েছে ইংল্যান্ডকে। এতেই অজস্র শুভেচ্ছাবার্তা পাচ্ছেন আরদুজ্জামান। ফেসবুকে অভিনন্দনের জোয়ার। আহমেদাবাদ থেকে কাল উচ্ছ্বসিত আরদুজ্জামান বলছিলেন, ‘এত দিন খেলছি, কিন্তু এত এত শুভেচ্ছা আর অভিনন্দন আগে কখনো পাইনি। সবাই বলছে, তোমরা ইংল্যান্ডকে হারিয়ে ক্রিকেটে হারের প্রতিশোধ নিয়েছ। এলাকার ভাইয়েরা ফেসবুকে লিখেছে, আমাদের এলাকা ছাড়িয়ে তুমি পুরো বাংলাদেশের গর্ব।’
দুর্বল ইংল্যান্ডের সঙ্গে জয়টা অনুমিতই ছিল। বাংলাদেশ দলকে আসল পরীক্ষাটা দিতে হবে আগামীকাল। প্রতিপক্ষ চ্যাম্পিয়ন ভারত। কাবাডির অপ্রতিদ্বন্দ্বী দলটির বিপক্ষেও জয়ের আশায় আছেন বাগেরহাটের তরুণ। তবে জিততে না পারলেও চাইবেন ব্যবধান কম রাখতে, ‘গতকাল (পরশু) দুর্দান্ত খেলেছি। ধারাবাহিকতা ধরে রাখতে চাই। ভারত স্বাগতিক হিসেবে বাড়তি সুবিধা পাবে। তবে আমাদের লক্ষ্য থাকবে জেতার। শেষ পর্যন্ত যদি জিততে না-ও পারি, হারের ব্যবধানটা যেন ৭ পয়েন্টের হয়।’ কেন এমন চাওয়া? ‘জয়ী দল ৫ পয়েন্ট পায়। তবে হারলেও ব্যবধান ৭ পয়েন্টের মধ্যে থাকলে পরাজিত দল পাবে একটি বোনাস পয়েন্ট। আমরা সুবিধাটা নিতে চাই,’ বললেন বাংলাদেশ দলের অন্যতম সেরা রেইডার।
দক্ষিণ কোরিয়ার কাছে ভারত প্রথম ম্যাচে হেরেছে। এই অঘটন আরও আত্মবিশ্বাসী করে তুলেছে দলকে। আরদুজ্জামানের ভাষায়, ‘আমাদের আত্মবিশ্বাস এতে বেড়ে গেছে। আমাদের একটাই কথা, কোরিয়া পারলে আমরা কেন নয়?’
ভারতের শক্তিশালী দিক—এই দলের সবাই প্রো-কাবাডিতে খেলেন। তাই বর্তমান চ্যাম্পিয়নদের হারানো একটু কঠিন বলেই মানেন আরদুজ্জামান, ‘ভারতকে হারানো সহজ নয়। তবে নিজেরা ভুল না করলে জিততেও পারি।’