ভারতের বিশ্বকাপ দল ঘোষণা
শ্রীশান্থ ও ইশান্ত শর্মাকে বাদ দিয়ে ১৫ সদস্যের চূড়ান্ত বিশ্বকাপ দল ঘোষণা করেছে ভারত। দলে জায়গা হয়নি বাঁ হাতি স্পিনার প্রজ্ঞান ওঝা ও ব্যাটসম্যান রোহিত শর্মার। দলে একমাত্র চমক হিসেবে রয়েছেন আর অশ্বিন।ভারতীয় নির্বাচকদের চিন্তার কারণ হিসেবে দলে রয়েছেন ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজ মিস করা বীরেন্দর শেবাগ ও গৌতম গম্ভীর। এদিকে, স্কোয়াডে থাকা ভারতীয় ‘লিটল মাস্টার’ শচীন টেন্ডুলকার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে নির্বাচকদের কপালের চিন্তার রেখা আরও গভীর করেছেন।পেসার প্রাভিন কুমারের অন্তর্ভুক্তিও ভারতের বিশ্বকাপ স্কোয়াডের একটি চমকই বলা যায়। কারণ, তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে সুযোগ পাননি।ভারতের বিশ্বকাপ দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), বীরেন্দর শেবাগ (সহ-অধিনায়ক), শচীন টেন্ডুলকার, হরভজন সিং, যুবরাজ সিং, জহির খান, আশিষ নেহরা, গৌতম গম্ভীর, মুনাফ প্যাটেল, সুরেশ রায়না, বিরাট কোহলি, প্রাভিন কুমার, পীযূষ চাওলা, ইউসুফ পাঠান, আর অশ্বিন।