ভারতের ব্যাটিং অনুশীলন
প্রথম প্রস্তুতি ম্যাচটা ড্র করল ভারতীয়রা। কাল ক্যানবেরায় ক্রিকেট অস্ট্রেলিয়ার সভাপতি একাদশের বিপক্ষে ৮৩.১ ওভারে ৬ উইকেটে ৩২০ রান করার পর বৃষ্টি নামাতে আর এগোতে পারেনি ম্যাচটি। প্রথম দিনে ভারতের বোলিং আক্রমণের অনভিজ্ঞতা ফুটিয়ে তুলে ৩৯৮ রান করেছিল স্বাগতিক একাদশ।কাল অবশ্য শচীন টেন্ডুলকারের নেতৃত্বে অভিজ্ঞ ব্যাটিং লাইনআপ জবাবটা ভালোই দিয়েছে। আজিঙ্কা রাহানে (৩) ও বিরাট কোহলি (১) ছাড়া রান পেয়েছেন বাকি সবাই। সর্বোচ্চ ৯২ রান করেছেন শচীন টেন্ডুলকার। তাঁর ১৩২ বলের ইনিংসটিতে ছিল ১৫টি চার। ভিভিএস লক্ষ্মণের (৫৭) সঙ্গে চতুর্থ উইকেটে ১৩৩ করার পর অন্যদের সুযোগ দিতে একই সঙ্গে স্বেচ্ছায় অবসর নেন তাঁরা দুজন। এরপর রোহিত শর্মাও করেন অপরাজিত ৫৬ রান। রান পেয়েছেন গম্ভীর (৩৫), দ্রাবিড় (৪৫) ও ঋদ্ধিমান সাহাও (২৩*)।একই দলের বিপক্ষে একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। ম্যাচটি শুরু হবে আগামী পরশু ক্যানবেরাতেই। ওয়েবসাইট।