ভারতের মধুর প্রতিশোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ড সফরে গিয়ে একেবারেই নাস্তানাবুদ হয়ে ফিরতে হয়েছিল ভারতকে। একটি ম্যাচেও জয়ের দেখা না পেয়ে লজ্জাজনকভাবে দেশে ফিরতে হয়েছিল বিশ্বকাপজয়ীদের। তবে এবার দেশের মাটিতে ইংল্যান্ডের ফিরতি সফরে প্রতিশোধটা বেশ ভালোমতোই নিল ধোনি-বাহিনী। ওয়ানডে সিরিজের প্রথম তিনটি ওয়ানডে জিতে সিরিজ জয়টা আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। আর শেষ দুই ওয়ানডেতেও ইংল্যান্ডকে হারের স্বাদ দিয়ে ইংল্যান্ড সফরের হোয়াইটওয়াশের পাল্টা জবাবটাও বেশ চমত্কারভাবেই দিল স্বাগতিক ভারত। আজ পঞ্চম ওয়ানডেতে জয়ের জন্য ২৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৩৭ ওভারেই ইংল্যান্ড গুটিয়ে গেছে ১৭৬ রানে। ভারত শেষ ওয়ানডেতেও পেয়েছে ৯৫ রানের দাপুটে জয়।হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে শেষ ওয়ানডে জয়ের জন্য আপ্রাণ চেষ্টা করছিল ইংল্যান্ড। ভারতের ছুড়ে দেওয়া ২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটাও বেশ ভালোভাবেই করেছিল সফরকারীরা। উদ্বোধনী জুটিতেই ১২৯ রান যোগ করে ইংল্যান্ডকে শক্ত অবস্থান এনে দিয়েছিলেন দুই ওপেনার ক্রেইগ কিয়েসওয়েটার ও অ্যালিস্টার কুক। ২১তম ওভারে কুককে সাজঘরে পাঠিয়ে ভারতকে প্রথম উইকেটটি এনে দিয়েছিলেন বরুণ অরুণ। এর পর দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার দুর্দান্ত বোলিংয়ে একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ইংলিশ ইনিংস। উদ্বোধনী জুটির ১২৯ রানের সঙ্গে আর মাত্র ৪৭ রান যোগ করতে পেরেছেন বাকি ব্যাটসম্যানরা। সামিত পাটেল (১৮) ও গ্রায়েম সোয়ান (১০) ছাড়া আর কেউ পেরোতে পারেননি দুই অঙ্কের কোটা। ৩৩ রানের বিনিময়ে ৪টি উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা। ৩টি উইকেট পেয়েছেন অশ্বিন।এর আগে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক। উদ্বোধনী জুটিতে ৮০ রান সংগ্রহ করে ভারতকে ভালো সূচনা এনে দিয়েছিলেন দুই ওপেনার আজিনকা রেহানে ও গৌতম গম্ভীর। কিন্তু এরপর খুব দ্রুতই ৩টি উইকেট হারিয়েছে স্বাগতিকেরা। দলীয় ৮০ রানের মাথায় ফিন ও ব্রেসনানের দুর্দান্ত দুই ওভারে একে একে সাজঘরে ফিরেছেন গৌতম গম্ভীর (৩৮), বিরাট কোহলি (০) ও আজিনকা রেহানে (৪২)। চতুর্থ উইকেটে ৪৩ রানের জুটি গড়েন সুরেশ রায়না ও তিওয়ারি। দলীয় ১২৩ রানের মাথায় তিওয়ারিকে সাজঘরে পাঠান স্টুয়ার্ট মিকার। বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি রায়নাও। তিনি আউট হন ৩৮ রান করে। এরপর শক্ত হাতে দলের হাল ধরেন অধিনায়ক ধোনি। ষষ্ঠ উইকেটে রবীন্দ্র জাদেজাকে সঙ্গে নিয়ে তিনি যোগ করেন ৪৪ রান। অস্টম উইকেটে প্রাভিন কুমারকে সঙ্গী করে মাত্র ২২ বলে স্কোরবোর্ডে আরও ৪৪ রান যোগ করেন ধোনি। শেষপর্যন্ত তাঁর ৭৫ রানের হার না মানা দুর্দান্ত ইনিংসটির সুবাদে ২৭১ রান সংগ্রহ করে ভারত।