দিনের শুরুতে সবচেয়ে বড় প্রশ্ন ছিল ইংল্যান্ড কখন ইনিংস ঘোষণা করবে। চা-বিরতির সময়ও তা-ই। তবে মাঝে হয়ে গেছে অনেক নাটক। ইশান্ত শর্মার দুর্দান্ত এক স্পেলে দিশা হারিয়ে ফেলা ইংল্যান্ডকে পথে ফিরিয়েছেন ম্যাট প্রায়র ও স্টুয়ার্ট ব্রড। লর্ডসে প্রায়রের তৃতীয় সেঞ্চুরি আর ব্রডের হাফ সেঞ্চুরিতে ৬ উইকেটে ইংল্যান্ড ২৬৯ রান তুলে ইনিংস ঘোষণা করতে পেরেছে। প্রথম ইনিংসের ১৮৮ রান মিলিয়ে লিড ৪৫৭ রানের। জিততে হলে ভারতকে ইতিহাসই গড়তে হবে। লর্ডসে চতুর্থ ইনিংসে তিন শর বেশি রান তাড়া করে জয়ের ঘটনা আছে একটিই। সেটাও সম্ভব হয়েছিল গর্ডন গ্রিনিজের অতিমানবীয় এক ইনিংসের কারণে। ১৯৮৪ সালে গ্রিনিজের ২৪২ বলে অপরাজিত ২১৪ রানের ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ মাত্র ৬৬.১ ওভারেই ৩৪৪ রান তুলে জিতে গিয়েছিল ৯ উইকেটে। ভারতীয় দলে এমন ইনিংস খেলার ক্ষমতা আছে যাঁর, সেই বীরেন্দর শেবাগ তো চোটের কারণে দলেই নেই। টেস্ট বাঁচাতে কঠিন পরীক্ষাই দিতে হবে ভারতীয় ব্যাটসম্যানদের। সেই পরীক্ষায় নেমে শুরুতেই উইকেট হারিয়েছে ভারত। বল করতে এসে প্রথম ওভারেই অভিনব মুকুন্দকে তুলে নিয়েছেন স্টুয়ার্ট ব্রড। ভারতের তখন ১৯ রান। দলকে আরও বিপর্যয়ে পড়তে দেননি গৌতম গম্ভীরের পরিবর্তে ওপেন করতে নামা রাহুল দ্রাবিড় আর তাঁর সঙ্গী ভিভিএস লক্ষ্মণ। ভারতের টেস্ট বাঁচানোর আশা হয়ে উইকেটে আছেন দুজন। দ্রাবিড়ের রান ৩৪*, লক্ষ্মণের ৩২*। ভারত ১ উইকেটে ৮০। ফিল্ডিংয়ের সময় হাতে চোট পেয়েছেন গম্ভীর। হাসপাতালে যেতে হয়েছে তাঁকে। ৩২-৫-১২৮-০, প্রথম ইনিংসে ইশান্ত শর্মার বোলিং বিশ্লেষণ। কন্ডিশন-উইকেট সব পক্ষে থাকার পরও ধোনিকে হতাশ করেছিলেন ওয়েস্ট ইন্ডিজে ম্যান অব দ্য সিরিজ হওয়া পেসার। ওভারপ্রতি ৪ রান দিয়ে উইকেটশূন্য থাকাটা নিশ্চয়ই ভালো লাগেনি। জহির খানবিহীন বোলিং আক্রমণকে জাগিয়ে তুললেন নিজেকে উজাড় করে দিয়ে। লাঞ্চের ঠিক আগে যে স্পেলটি করলেন, নিঃসন্দেহে তাঁর ৩৫ টেস্টের ক্যারিয়ারের সেরা স্পেলগুলোর একটি।প্রথম ইনিংসে যাঁর হাতে সবচেয়ে বেশি ভুগেছেন, সেই কেভিন পিটারসেনকে দিয়েই খুলেছেন শিকারের খাতা। অপরাজিত ডাবল সেঞ্চুরি থেকে পিটারসেন আউট ১ রানেই। অবশ্য গুড লেংথ থেকে আচমকা লাফিয়ে ওঠা যে বলটি তাঁর গ্লাভস ছুঁয়ে ধোনির গ্লাভসে জমা পড়ল, সেটিতে খুব বেশি কিছু করার ছিল না পিটারসেনের। ওই ওভারেই বাউন্সি আউটসুইঙ্গারে ফেরালেন বেলকে। দুই ওভার একটি দুর্দান্ত ইনসুইঙ্গারে বোল্ড থিতু হয়ে যাওয়া ট্রট। মরগানের উইকেটটিতে অবশ্য বড় অবদান গম্ভীরের দুর্দান্ত ক্যাচের। ১০৬ রানে ৬ উইকেট হারিয়ে ফেলা ইংল্যান্ড তখন গুটিয়ে যাওয়ার শঙ্কায়। এরপরই প্রায়র ও ব্রডের প্রতি-আক্রমণ। টেস্টের চতুর্থ দিনে দুজন খেলেছেন ওয়ানডে মেজাজে। চার-ছয়ের ফুলঝুরি ছিল না। কিন্তু তার পরও দুজনের জুটির ফিফটি হতে লেগেছে মাত্র ৬১ বল, ১০০ হতে ১২৯ বল। প্রথম ইনিংসের ৭১ রানের পর দলের প্রয়োজনের সময় আরেকটি কার্যকর ইনিংস খেললেন প্রায়র। সাত নম্বরে নিজের গুরুত্বটাও যেন বুঝিয়ে দিলেন আরেকবার। প্রথম ইনিংসে প্রথম বলে আউট হওয়া ব্রড পেয়েছেন সপ্তম টেস্ট ফিফটি। ওয়েবসাইট। ৪৫.৪০ম্যাট প্রায়রের ব্যাটিং-গড় এখন ইংলিশ উইকেটরক্ষক ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ, পেছনে ফেলেছেন লেস অ্যামিসকে (৪৩.৪০)