ভারতের ম্যাচটা এখন অতীত: তামিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টস জিতে যদি ফিল্ডিং না নিয়ে ব্যাটিং নিতেন সাকিব আল হাসান! আবার, ভারতীয় ব্যাটসম্যানদের যদি আরও কম রানে বেঁধে ফেলা যেত! এ রকম আক্ষেপে পুড়ছে অনেকেই। তবে আক্ষেপ নয়, অতীত ভুলে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় বাংলাদেশের সহ-অধিনায়ক তামিম ইকবালের কণ্ঠে।‘ভারতের ম্যাচটা এখন অতীত। ওই ম্যাচে কী হয়েছে তা মনে রাখতে চাই না। এখনো পাঁচটি ম্যাচ বাকি আছে। সামনের দিকে এগিয়ে যেতে চাই আমরা’—মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন শেষে বলেছেন তামিম।ঘুরে-ফিরে তবু একই প্রশ্ন, ভারতের বিপক্ষে হারের কারণটা তাহলে কী? তামিম দায়ী করছেন বোলিংকেই, ‘আমাদের বোলিংয়ের শুরুটা ভালো হয়নি। আমরা স্পিনাররাও ভালো করতে পারিনি।’টাইগারদের দ্বিতীয় ম্যাচ আয়ারল্যান্ডের বিপক্ষে। সবার দৃষ্টি এখন শুক্রবার অনুষ্ঠেয় ওই ম্যাচটার দিকেই। শক্তির বিচারে প্রতিপক্ষ স্পষ্টত পিছিয়ে। তবে গত বিশ্বকাপে এই আয়ারল্যান্ডের কাছেই হারতে হয়েছিল বাংলাদেশকে। চার বছর আগের হিসেবেটা চুকিয়ে নিতেই যেন সাকিব আল হাসানেরা কঠোর অনুশীলন করলেন। কিন্তু ভারতের কাছে বড় হারের পর ক্রিকেটারদের মানসিক অবস্থাটা কেমন? ‘আজ অনুশীলন খুব ভালো হয়েছে। গত দেড় মাসের মধ্যে সেরা। আমরা প্রত্যেকেই অনুশীলনটা উপভোগ করেছি’—জবাব তামিমের।