ভারতের রত্নকে ‘ভারতরত্ন’ দেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো একটা বিষয়ে সংসদের সব রাজনৈতিক দলের সদস্য একমত হয়েছেন—এ বড় বিরল এক দৃশ্য। সেই দৃশ্যটাই দেখা গেল ভারতের সংসদে। রাজ্যসভা আর লোকসভা—দুই কক্ষেই সব দলের রাজনীতিবিদেরা এক সুর তুললেন। বললেন, ভারতরত্ন খেতাব দেওয়া হোক শচীন টেন্ডুলকারকে। প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি হাঁকানোর পর ভারতের সর্বোচ্চ বেসামরিক খেতাবটি ‘লিটল মাস্টার’কে দেওয়া হোক—কংগ্রেস, বিজেপি তো বটেই, কদিন আগে টেন্ডুলকারের সমালোচনা করা শিবসেনার নেতারাও জোরাল দাবি তুলেছেন।বিজেপির সিনিয়র এক নেতা বলেছেন, ‘এটা কোনো রাজনৈতিক ইস্যু নয়। রাজনৈতিক দলের পক্ষে এই সিদ্ধান্ত নেওয়া সম্ভবও নয়। কিন্তু একজন দেশপ্রেমিক আর ক্রিকেটভক্ত হিসেবে আমিও চাই টেন্ডুলকার ভারতরত্ন পদক পান।’প্রথম ডাবল সেঞ্চুরিটা করেছেন বলেই নয়, গত দুই দশকের আন্তর্জাতিক ক্রিকেটে টেন্ডুলকারের যা অবদান, তারই স্বীকৃতি হিসেবে এই খেতাব তাঁকে দেওয়া উচিত বলে মনে করেন সাংসদ রাহুল বাজাজ, ‘তাঁকে ভারতরত্ন দেওয়া হলে কারও মনে প্রশ্ন ওঠার কথা নয়। বরং সবাই খুশিই হবে।’ কেন্দ্রীয় মানবসম্পদ মন্ত্রী কপিল সিবালের কণ্ঠেও একই সুর। ক্ষমতাসীন জোটের প্রধান শরিক দল কংগ্রেসের মুখপাত্র মনীশ তেওয়ারি পরশু জানিয়েছেন, কেন্দ্রীয় ইউপিএ সরকার টেন্ডুলকারকে ভারতরত্ন দেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে। শুধু রাজনীতিবিদেরাই নয়, টেন্ডুলকারের সাবেক সতীর্থ সৌরভ গাঙ্গুলীও বলছেন, ‘শচীন তো ভারতের জন্য একটা রত্নই। ওকে যে এই পুরস্কারটা দেওয়া যায় এতে কোনো সন্দেহই নেই।’ভারতের এই কিংবদন্তি ব্যাটসম্যানকে এর আগে দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক খেতাব পদ্মবিভূষণ (২০০৮), চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মশ্রী (১৯৯৯), রাজীব গান্ধী পুরস্কার (২০০৫), মহারাষ্ট্রভূষণ পুরস্কার (২০০১), রাজীব গান্ধী খেলরত্ন (১৯৯৭-৯৮) ও অর্জুন পুরস্কার (১৯৯৪) দেওয়া হয়েছিল। ভারতরত্ন পেলে টেন্ডুলকার হবেন প্রথম ক্রীড়া ব্যক্তিত্ব যাঁর হাতে উঠবে এই পুরস্কার। ওয়েবসাইট।