এক এডওয়ার্ডস চমকে দিয়েছিলেন আগের দিন। অভিষেক টেস্টেই দারুণ এক সেঞ্চুরি করেছেন কার্ক এডওয়ার্ডস। কাল আরও বেশি বিস্ময় উপহার দিলেন আরেক এডওয়ার্ডস, ফিদেল! সেঞ্চুরি করেছেন তিনিও। তবে রানের নয়, বল খেলার। বিস্ময়ের এটাই। ব্যাট হাতে মোটামুটি ‘নবিশ’ বলেই পরিচিতি তাঁর, এই টেস্টের আগে ৭৪ ইনিংস খেলে ব্যাটিং গড় ছিল ৫.৩০। সেই ব্যাটসম্যানই কাল উইকেটে থাকলেন ৩৭ ওভার! দুই এডওয়ার্ডসের আগেই অবশ্য বলতে হতো আরেকজনের কথা। তবে বিপর্যয় থেকে দলকে উদ্ধারের কাজটা তিনি এতবার করেছেন যে নতুন করে আর বিস্ময় জাগায় না। অসাধারণ এক সেঞ্চুরি করে আরও একবার ওয়েস্ট ইন্ডিজের ত্রাতার ভূমিকায় শিবনারায়ণ চন্দরপল। হারের মুখে থাকা দলকে ম্যাচ বাঁচানোর সুযোগ এনে দিয়েছেন চন্দরপল-এডওয়ার্ডস। জয়ের জন্য ৪৭ ওভারে ১৮০ রান চাই ভারতের। ব্যাটিংয়ে যন্ত্রণা দেওয়ার পর বল হাতে ইনিংসের প্রথম বলেই অভিনব মুকুন্দকে তুলে নিয়েছেন ফিদেল এডওয়ার্ডস। চা-বিরতি পর্যন্ত ৭ ওভারে ভারতের রান ১৯। শেষ দিন শেষ সেশনে ৪০ ওভারে ১৬১ রান করতে অভাবনীয় কিছু করতে হবে ভারতকে। সিরিজটা সম্ভবত বাঁচাতে পারছে না ওয়েস্ট ইন্ডিজ, তবে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ দলের বিপক্ষে জয়ের সমান ড্র-ও তো কম নয়! আগের দিন ৪০ রানের মধ্যে ৩ উইকেট হারানোর পর শুরু কার্ক এডওয়ার্ডস ও চন্দরপলের লড়াই। এডওয়ার্ডস স্বপ্নের তিন অঙ্ক ছুঁয়েছেন ১৭১ বলে। চন্দরপলের সঙ্গে পঞ্চম উইকেট জুটিতে আসে ১৬১ রান। চন্দরপল ও ফিদেল এডওয়ার্ডসের জুটি ৬৫ রানের, কিন্তু গুরুত্বে অমূল্য। কাল সাতসকালে স্যামি ও রামপলকে হারানোর পর মনে হচ্ছিল দ্রুতই গুটিয়ে যাবে উইন্ডিজ। কিন্তু ৩৭ ওভার খেলে ভারতকে হতাশ করে এই জুটি। চন্দরপল খেলেছেন নিজের মতোই, প্রথম বাউন্ডারি মেরেছেন ১১২তম বলে। ৩৪৩৩ বলের ইনিংসে বাউন্ডারি মাত্র ৫টি! এডওয়ার্ডসের হঠাৎ ছয় মারার খায়েশ না হলে হয়তো ড্র নিশ্চিত করেই বেরোতে পারতেন চন্দরপল। শেষ দুই উইকেট নিয়ে ভারতকে যন্ত্রণা থেকে উদ্ধার করেছেন ধোনির ‘গোল্ডেন আর্ম’ সুরেশ রায়না। ওয়েবসাইট।