ভারতের লক্ষ্য ২০২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ত্রিদেশীয় সিরিজ
ত্রিদেশীয় সিরিজ

কখনো পিটার সিডল আর জেমস অ্যান্ডারসনরা বল হাতে আগুনের ফুলকি ছোটাচ্ছেন। কখনো ব্যাট হাতে অতিমানব হয়ে যাচ্ছেন অ্যাশটন অ্যাগার নামের ১৯ বছরের এক তরুণ। রূপের পসরা সাজিয়ে ক্রিকেট সেখানে চিরন্তন ধ্রুপদি চেহারায়। ট্রেন্ট ব্রিজ থেকে এখন চোখ সরানোর সাধ্য কার! অ্যাশেজের ডামাডোলে অনেকে হয়তো ভুলেই গেছেন প্রায় পাঁচ হাজার কিলোমিটার দূরে পোর্ট অব স্পেনেও ক্রিকেট হচ্ছে। সেটিও যেনতেন ম্যাচ নয়, ত্রিদেশীয় একটি টুর্নামেন্টের ফাইনাল! অ্যাশেজের মতো নয়, তবে নাটকীয়তা এখানেও কম হলো না। ব্যাট-বলের লড়াইটা হলো জমজমাট। টস জিতে ফিল্ডিং নেওয়া ভারতকে ভালো শুরু এনে দিলেন বোলার, সাঙ্গাকারা-থিরিমান্নের ব্যাটে ঘুরে দাঁড়াল শ্রীলঙ্কা। একসময় ৩০০কেও মনে হচ্ছিল না অসম্ভব, কিন্তু ভয়াবহ এক ধসে শেষ পর্যন্ত গুটিয়ে গেল ২০১ রানেই! বল হাতে আবার লঙ্কানদের শুরুটা হলো ভারতের মতোই। দারুণ দুটি বলে শামিন্দা ইরাঙ্গা ফিরিয়ে দিয়েছেন শিখর ধাওয়ান (১৬) ও বিরাট কোহলিকে (২)। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের রান ছিল ১৩ ওভারে ২ উইকেটে ২৯। সপ্তাহ দুয়েক আগেই চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই দল। ওই ম্যাচে ১৮১ রানে গুটিয়ে গিয়েছিল শ্রীলঙ্কা, ৮ উইকেট জিতে ভারত এগিয়ে গিয়েছিল শিরোপা জয়ের শেষ ধাপে। কালকের ম্যাচটি জিতে থাকলে টানা দুটি শিরোপা জেতা হয়ে গেছে মহেন্দ্র সিং ধোনির দলের। হ্যাঁ, ধোনির দলই। চোট নিয়ে দেশে ফিরে যাওয়ার কথা ছিল যাঁর, সেই ধোনিই টস করেছেন ফাইনালে। টস হেরেও অবশ্য গোমড়া মুখে ছিলেন না অ্যাঞ্জেলো ম্যাথুস, ‘উইকেট মনে হচ্ছে ব্যাটিংয়ের জন্য খারাপ নয়।’ দ্বিতীয় বলেই চার দিয়ে শুরু করেছিলেন উপুল থারাঙ্গা । কিন্তু তাঁকে (১১) ফিরিয়েই আরও একবার প্রথম স্পেলে দলকে উইকেট এনে দিয়েছেন ভুবনেশ্বর কুমার, ১৭ ম্যাচের ক্যারিয়ারে এ নিয়ে ১১ বার! ৮ ওভারের প্রথম স্পেলে ভুবনেশ্বর তুলে নেন ৪০০তম ম্যাচ খেলতে নামা মাহেলা জয়াবর্ধনেকেও (২২)। এর পরই শ্রীলঙ্কার ঘুরে দাঁড়ানোর শুরু, তৃতীয় উইকেটে সাঙ্গাকারা-থিরিমান্নের জুটি ১২২ রানের। সর্বনাশটা হলো ব্যাটিং পাওয়ার প্লেতে, ইশান্তকে স্লগ করতে গিয়ে ৪৬ রানে ফিরলেন থিরিমান্নে। দারুণ খেলতে থাকা সাঙ্গাকারাকে (৭১) ফেরালেন অশ্বিন। অশ্বিন (২/৪৭), জাদেজার স্পিনে (৪/২৩) শেষ ছয় ব্যাটসম্যানের কেউই ছুঁতে পারলেন না দুই অঙ্ক। শ্রীলঙ্কা শেষ ৮ উইকেট হারিয়েছে মাত্র ৩০ রানের মধ্যে! ওয়েবসাইট।