ভারতের লক্ষ্য ২৫০ রান
সিরিজ জয় আগেই নিশ্চিত করেছে ভারত। সম্মান রক্ষার লড়াইয়ে আজ চতুর্থ ওয়ানডেতে জয়ের জন্য ভারতকে ২৫০ রানে লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। এর আগের দুইটি ম্যাচে ভালো খেলতে না পারলেও আজ জ্বলে উঠেছিলেন বিধ্বংসী ব্যাটসম্যান কাইরন পোলার্ড। খেলেছেন ৭২ বলে ৭০ রানের এক চমত্কার ইনিংস। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক সুরেশ রায়না। প্রথম ৫ ওভারের মধ্যেই ওপেনার ডানজা হাট ও রামনরেশ সারওয়ানের উইকেট তুলে নিয়ে শুরুটাও ভালোভাবেই করেছিলেন ভারতীয় বোলাররা। তৃতীয় উইকেটে ৫৩ রান যোগ করে প্রাথমিক ধাক্কা কিছুটা সামাল দিয়েছিলেন ড্যারেন ব্রাভো ও লেন্ডি সিমন্স। দলীয় ৬৫ রানের মাথায় ব্রাভোকে ফিরিয়ে আবার ভারতীয় শিবিরে স্বস্তি ফেরান অমিত মিশ্র। কয়েক ওভার পর মারলন স্যামুয়েলসকেও সাজঘরে ফেরান এই ডানহাতি লেগস্পিনার। দুই ওভার পরে সিমন্সও রানআউটের ফাঁদে পড়ে বিদায় নিলে কিছুটা চাপের মুখেই পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। তবে ষষ্ঠ উইকেটে ৯৬ রানের অসাধারণ এক জুটি গড়ে ক্যারিবিয়ানদের কিছুটা শক্ত অবস্থানে দাঁড় করান কাইরন পোলার্ড ও কার্লটন বাফ। ৪৫তম ওভারে ৭০ রান করে আউট হন পোলার্ড। বাফের ব্যাট থেকে আসে ৩৯ রান। শেষমুহুর্তে আন্দ্রে রাসেলের ১৪ বলে ২৫ রানের ইনিংসটির সুবাদে নির্ধারিত ৫০ ওভার শেষে উইন্ডিজ স্কোরবোর্ডে যোগ হয় ২৪৯ রান।ভারতের পক্ষে মাত্র ৩৫ রান দিয়ে তিনটি উইকেট শিকার করেন প্রাভিন কুমার। দুইটি উইকেট নেন অমিত মিশ্র। ওয়েবসাইট