ভারতের লক্ষ্য ২৯০
বিশ্বকাপের প্রস্তুতির সিরিজের শুরুটা দারুণ হয়েছে দক্ষিণ আফ্রিকার। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে সফরকারী ভারতের সামনে ৯ উইকেটে ২৮৯ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে গ্রায়েম স্মিথের দল।দক্ষিণ আফ্রিকার সংগ্রহটা আরও বড় হতে পারত। খেলার শেষের দিকে দ্রুত উইকেট পড়তে থাকায় তা আর সম্ভব হয়ে ওঠেনি। ৩৫ ওভার শেষে স্বাগতিকদের সংগ্রহ ছিল ৩ উইকেটে ২১২ রান। শেষ ১৫ ওভারে এ হারে রান করলেও দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩০০ ছাড়িয়ে যেত। হাতে সাতটি উইকেট ছিল বলে রানের পরিমাণটা আরও বেশি হওয়াটাও ছিল প্রত্যাশিত।দলীয় ২১৩ রানে ডি ভিলিয়ার্সের (৭৬) উইকেট যাওয়ার পরই স্বাগতিকদের রান সংগ্রহের গতি একটু কমে যায়। দলীয় ২৪৪ রানের মাথায় ব্যক্তিগত ৭৩ রান করে সাজঘরে ফেরেন ডুমিনি। এরপর বোথা করেন ২৩ রান। ২১ রানে অপরাজিত থাকেন পারনেল।ইনিংস শেষে সংগ্রহে চ্যালেঞ্জিং রান থাকলেও শুরতেই অবশ্য ধাক্কা খেয়েছিল দক্ষিণ আফ্রিকা। দলীয় ২১ রানেই অধিনায়ক গ্রায়েম স্মিথের (১১) উইকেট হারিয়ে বসে দলটি। ৫০ রানের অসাধারণ ইনিংস খেলে ধাক্কাটা সামলে নেন উদ্বোধনী ব্যাটসম্যান হাশিম আমলা। আর ভিলিয়ার্স-ডুমিনির ১৩১ রানের জুটি শক্ত অবস্থানে দাঁড় করায় দক্ষিণ আফ্রিকাকে। ভারতের হয়ে জহির খান, মুনাফ প্যাটেল ও রোহিত শর্মা দুটি করে উইকেট নেন। ক্রিকইনফো।