ভারতের লক্ষ্য ৩১৫

ভারত-নিউজিল্যান্ডের চলতি ওয়ানডে সিরিজের প্রথম তিনটি ওয়ানডেতে দুটি ঘটনা ধারাবাহিক ঘটছে—টসে জিতে ফিল্ডিং নেবেন ধোনি আর প্রতিপক্ষের অধিনায়কের ‘আহ্বানে’ ব্যাটিং করতে নেমে কেন উইলিয়ামসন তুলে নেবেন দারুণ এক ফিফটি। ন্যাপিয়ার, হ্যামিল্টনে ঘটেছে। আজ অকল্যান্ডেও তা-ই। টসে জিতে ফিল্ডিং নিলেন ধোনি আর উইলিয়ামসন খেললেন ৬৫ রানের ইনিংস। তবে আজকের ব্ল্যাক ক্যাপসদের ইনিংসের মূল চরিত্র মার্টিন গাপটিল। ডান হাতি এ ওপেনারের দুর্দান্ত শতকে নিউজিল্যান্ডের সংগ্রহ ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ৩১৪।
দলের ৩৬ রানের মাথায় জেসি রাইডার ফিরে গেলেও নিউজিল্যান্ডের ইনিংস জমে যায় উইলিয়ামসন ও গাপটিলের দ্বিতীয় উইকেট জুটিতে। দুজনের যুগলবন্দীতে আসে ১৫৩। উইলিয়ামসন তুলে নেন টানা তৃতীয় ফিফটি। মোহাম্মদ সামির শিকার হওয়ার আগে করেন ৬৫। ভারতীয় বোলারদের ওপর সবচেয়ে বেশি চড়াও হওয়া গাপটিল অবশ্য পঞ্চম শতক তুলে নিতে এতটুকু ভুল করেননি। রবীন্দ্র জাদেজার বলে অজিঙ্কা রাহানের হাতে ক্যাচ দেওয়ার আগে খেলেছেন ‘তিনটি এক’ মানে ১১১ রানের অসাধারণ এক ইনিংস।
তবে লক্ষণীয়, ব্ল্যাক ক্যাপস দলপতি ব্রেন্ডন ম্যাককালাম গত ম্যাচের মতো এদিনও মারলেন ‘ডাক’! শেষ দিকে রনকির ২০ বলে ৩৮ রানের ঝোড়ো ইনিংসটি নিউজিল্যান্ডকে বড় সংগ্রহ দেয়। শেষ বলে সাউদি রানআউট হওয়ার পর নিউজিল্যান্ডকে অলআউট হতে হয় ৩১৪ রানে। ভারতীয় বোলারদের পক্ষে সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন সামি ও জাদেজা।