ভারতের লজ্জা এড়ানোর মিশন
মঙ্গলবার ওভালে ঢুকেই খানিকটা থমকে দাঁড়ালেন মহেন্দ্র সিং ধোনি। হয়তো প্রাণভরে একটু শ্বাস নিলেন ওভালের বাতাসে। দম বন্ধ করা পরিস্থিতির মধ্যে ওভাল যেন ভারতীয়দের জন্য এক ঝলক মুক্ত বাতাসের প্রতিশ্রুতি। ৪০ বছর আগে এখানেই ইংল্যান্ডের মাটিতে প্রথম টেস্ট জিতেছিল ভারত। জিতেছিল সিরিজও। এই মাঠে ১০ টেস্ট খেলে মাত্র দুটিতে হেরেছে ভারত। সাম্প্রতিক ইতিহাস বলছে, ইংল্যান্ডের সবচেয়ে ভালো ব্যাটিং উইকেট এখানেই। বিব্রতকর এক সিরিজের শেষটায় এই চেয়ে আদর্শ ভেন্যু কি আর চাইতে পারত ভারত?টেস্ট ৎঙ্কিংয়ের শীর্ষে থেকে ইংল্যান্ড এসেছিল ভারত। তিন টেস্ট শেষেই সেখান থেকে তাদের নির্মম পেশাদারিতে টেনে নামিয়েছে ইংল্যান্ড। এখন অপেক্ষা করছে হোয়াইটওয়াশের লজ্জা। ভগবত চন্দ্রশেখরের ঘূর্ণিজাদুতে ১৯৭১ সালের সেই অবিস্মরণীয় বিজয় ভারতকে অনুপ্রাণিত করতে পারে। তবে গম্ভীর-শেবাগদের সবচেয়ে বেশি ভরসা দিচ্ছে হয়তো ওভালের উইকেট। প্রধান গ্রাউন্ডসম্যান স্কট প্যাটারসন মুখ খুলছেন না। তবে সবুজ নয়, উইকেটের রং বাদামি, এটাই ভারতীয় ব্যাটসম্যানদের স্বস্তি দেওয়ার জন্য যথেষ্ট। এজবাস্টনে অ্যালিস্টার কুক (২৯৪) যে ইনিংসটা খেলেছেন, তিন টেস্টের ছয় ইনিংসে ভারত এখনো তত বড় ইনিংস খেলতে পারেনি। এখন ওভালেই যদি মান কিছুটা বাঁচাতে পারে!তবে উইকেট ব্যাটিং-সহায়ক হলেও আরও একবার ভারতীয়দের প্রাণ ওষ্ঠাগত করতে পুরোপুরি প্রস্তুত ইংল্যান্ড। এই টেস্ট শেষেই আনুষ্ঠানিকভাবে ৎঙ্কিং-শীর্ষে উঠবে ইংল্যান্ড। টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফি, সেই বিখ্যাত ‘গদা’ হাতে পাবেন অ্যান্ড্রু স্ট্রাউস। স্বপ্নের গদা নিশ্চয়ই ম্লান মুখে হাতে নিতে ভালো লাগবে না ইংলিশ অধিনায়কের! তা ছাড়া কেভিন পিটারসেন তো সরাসরিই বলেছেন, ধবলধোলাই করতে চান ভারতকে, ‘২০০৬-০৭ অ্যাশেজে ৫-০-তে হারা সিরিজে আমি অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছি। বিশ্বাস করুন, একেকটা দিন আমাদের আর মাঠে নামতে ইচ্ছে করত না। কারণ, জানতাম আমাদের জন্য কতটা যন্ত্রণা অপেক্ষা করছে। আশা করি, আমরাও এখন প্রতিপক্ষকে তেমন যন্ত্রণা দিতে পারব। শুরুটা না হয় ভারতকে দিয়েই হোক।’এই পিটারসেনই হতে পারেন ভারতের সবচেয়ে বড় বাধা। ওভালে ১০ ইনিংসে ৩ সেঞ্চুরি তাঁর, গড় ৫৫.২০। অবশ্য বোলিং আক্রমণের সবচেয়ে বড় হাতিয়ারকে পাওয়া নিয়ে সংশয় আছে। ঊরুর চোটে ভুগছেন জেমস অ্যান্ডারসন। মঙ্গলবার দলের সঙ্গে ফিল্ডিং অনুশীলন করলেও ওভালে খেলা নিশ্চিত নয়। ২০০৯ অ্যাশেজের অন্যতম নায়ক গ্রাহাম অনিয়নসকে রাখা হয়েছে বিকল্প হিসেবে। তবে ইংল্যান্ডের আত্মবিশ্বাস কতটা উঁচুতে, এর প্রমাণ গ্রায়েম সোয়ানের কণ্ঠে, ‘চোটে ট্রেমলেট ছিটকে পড়ার পরও আমাদের মনে হয়েছিল, অনেক বড় একটা ক্ষতি হয়ে গেল। কিন্তু দেখা গেছে, ব্রেসনান এসে আরও ভালো করেছে। জিমি খেলতে না পারলে ওর অভাবও কেউ না কেউ ঠিকই পুষিয়ে দেবে।’ ভারতীয় দল শঙ্কায় আছে প্রাভিন কুমারকে নিয়ে। সিরিজে ভারতের হাতেগোনা দু-একটি ইতিবাচক দিকের অন্যতম প্রাভিনের বোলিং। তিনি খেলতে না পারলে লড়াই হবে মুনাফ প্যাটেল ও আর পি সিংয়ের মধ্যে।ওয়াসিম আকরামের ধারণা, কাঙ্ক্ষিত শততম সেঞ্চুরিটা ওভালেই পেয়ে যাবেন শচীন টেন্ডুলকার। কারণ, ওই ওভালের উইকেট। উইকেটের ভরসাতেই হোয়াইটওয়াশ এড়ানোর আশা করছে ভারত। ইংলিশ বোলারদের জন্যও এটা বড় এক চ্যালেঞ্জ। শুধু অনুকূল উইকেটে নয়, প্রতিকূল উইকেটেও আগুন ঝরাতে পারেন, এটা প্রমাণের দায় তো আছে! ওয়েবসাইট।