ভারতের শত্রু লরগাত!
ক্রিকেটে ভারতের চিরশত্রু হারুন লরগাত! অবাক হচ্ছেন? অবাক হওয়ারই কথা। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ব্যক্তিত্ব লরগাতের সঙ্গে নাকি ভারতীয় ক্রিকেট বোর্ডের দা-কুমড়া সম্পর্ক! কাল লরগাতকে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড প্রধান নির্বাহী নিয়োগ করার পর যারপরনাই চটেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। লরগাতকে দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ডে নিয়োগ দেওয়ার কারণে নাকি সে দেশে আসন্ন সিরিজ বয়কট করতে পারে ভারত।দক্ষিণ আফ্রিকা কাকে দেশের ক্রিকেটে কাজে লাগাবে, সেটা একান্তই তাদের ব্যাপার। এখানে ভারত হস্তক্ষেপ করার কে? ব্যাপারটি যে বাড়াবাড়িই, সেটা স্বীকার করছেন কয়েকজন ভারতীয় ক্রিকেট কর্তাই। লরগাতকে নিয়ে এ মুহূর্তে দুই ভাগে বিভক্ত ভারতীয় ক্রিকেট বোর্ড। একটা দল চাইছে, ব্যাপারটা নিয়ে মাথা না ঘামাতে। আরেকটি দল লরগাতের নিয়োগ নিয়ে এতটাই উত্তেজিত যে তারা ভারতের আসন্ন দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে নতুন করে ভাবতে বসেছে।এমনিতেই ভারতের দক্ষিণ আফ্রিকা সফরের সূচি নিয়ে দুই ক্রিকেট বোর্ডের মধ্যে সমস্যা তৈরি হয়েছে। ভারত নাকি দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের প্রস্তাবিত সাত ওয়ানডের সিরিজ নিয়ে প্রচণ্ড ক্ষিপ্ত। বিসিসিআই স্পষ্টই জানিয়ে দিয়েছে, দক্ষিণ আফ্রিকা সফরে ভারত কোনোভাবেই সাতটি ওয়ানডে খেলবে না। এখন হারুন লরগাত প্রধান নির্বাহী হওয়ায় এই দ্বন্দ্ব যে তুঙ্গে উঠবে, সেটা বলাই বাহুল্য। লরগাতকে নিয়ে ভারতের মূল সমস্যা হচ্ছে ডিআরএস। আইসিসির প্রধান নির্বাহী থাকার সময়ে লরগাতই ভারতকে পাশ কাটিয়ে ডিআরএসের পক্ষে কাজ করে গেছেন। ক্রিকেটের সবচেয়ে ‘ধনী’ আর ‘ক্ষমতাবান’ বোর্ড হিসেবে ভারত লরগাতের এই ঔদ্ধত্য মানতে যাবে কেন!ভারতীয় ক্রিকেট বোর্ডের অন্তর্বর্তীকালীন সভাপতি জগমোহন ডালমিয়ারও হারুন লরগাতে ‘অ্যালার্জি’ থাকারই কথা। ইডেন গার্ডেন থেকে বিশ্বকাপের ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়ার পেছনে এই লরগাতের হাত ছিল বলে বিশ্বাস করেন তিনি। সবদিক দিয়েই ভারতীয় ক্রিকেটের শত্রুতে পরিণত এই লরগাত দক্ষিণ আফ্রিকা বোর্ডের নির্বাহী হওয়ায় প্রোটিয়া ক্রিকেটই না আবার ভারতীয় ক্রিকেট বোর্ডের ক্ষমতা প্রদর্শনের লক্ষ্যে পরিণত হয়। সূত্র: ওয়েবসাইট।