ভারতের শুধু হারাবার ম্যাচ
বিরাট কোহলি সেদিন কি তবে মনের কথাটি বলেননি?
কাল ভারতীয় দলের ছিল ঐচ্ছিক অনুশীলন। তবু ঘড়ি ধরে সময়মতো অনুশীলনে হাজির দলের সবাই। সংবাদ সম্মেলনে এসে অম্বাতি রায়ডু বলে গেলেন, গাণিতিক সম্ভাবনার সূক্ষ্ম হিসাবগুলো কোনোভাবে মিলে যাওয়ার আশায় বুক বেঁধে আছেন তাঁরা। তবে যে কোহলি বলেছিলেন, আশার বিপরীতে আশা করা ছেড়ে দিয়েছেন!
পাকিস্তানের কাছে হারের পর অনেক ‘যদি’ ‘কিন্তু’র ওপর নির্ভর করা ফাইনাল সম্ভাবনা নিয়ে ভারত অধিনায়ক বলেছিলেন, ‘ভাগ্য আর অন্য দলের ওপর নির্ভর করা ম্যাচে আশা ধরা ছেড়ে দিয়েছি আমি। সিবি সিরিজে (২০১২ সালে) চাইছিলাম শ্রীলঙ্কা অস্ট্রেলিয়াকে হারিয়ে দিক, তাহলে আমরা ফাইনালে উঠতাম। অল্পের জন্য সেটা হয়নি। গত এশিয়া কাপেও চাইছিলাম শ্রীলঙ্কা হয় পাকিস্তান বা বাংলাদেশকে হারাক, সেটাও হয়নি।’
কোহলি আসলে সান্ত্বনা পাওয়ার ক্ষেত্র তৈরি করে রেখেছিলেন আগে থেকেই। দলের ভেতরের কথা তো রায়ডু বলেই দিয়েছেন। অনুশীলনেও ঘাম ঝরানো হলো যথেষ্ট। যদি বাংলাদেশ হারিয়ে দেয় পাকিস্তানকে! মজার ব্যাপার হলো, আজ ভারতের প্রতিপক্ষ আফগানিস্তানও কাল ছিল একই পক্ষে! আফগানরাও কাল কায়মনোবাক্যে প্রার্থনা করছিল বাংলাদেশের জয়। ফাইনালে উঠতে না পারলেও, কিংবা আজ ভারতের কাছে উড়ে গেলেও যথেষ্ট প্রাপ্তি নিয়ে দেশে ফিরবে আফগানরা। তবে ফাইনালের সুযোগ যদি আসেই, নিতে চেষ্টা করতে ক্ষতি কী!
কিন্তু কাল বাংলাদেশ হেরে যাওয়ায় আজকের ম্যাচ শুধুই আনুষ্ঠানিকতা। আফগানদের তাতেও ক্ষতিবৃদ্ধি খুব একটা হবে না। হারানোর কিছুই নেই তাঁদের, পাওয়ার আছে আরও অনেক। ভারতের পরিস্থিতি ঠিক উল্টো। পাওয়ার কিছুই নেই, হারানোর আছে সবকিছুই! আর আফগানদের সামান্যতম হালকাভাবে নিলেও যে বিপদ, সেটা এর মধ্যেই প্রমাণিত।
যথারীতি কালও ম্যাচপূর্ব আলোচনাজুড়ে ছিল আফগানদের বোলিং। দারুণ বৈচিত্র্যময় আফগানদের বোলিং—ডানহাতি-বাঁহাতি পেসার, স্লো মিডিয়াম বোলার, অফ স্পিনার, লেগ স্পিনার, বাঁহাতি স্পিনার, কী নেই! এই বোলিং আক্রমণ আবার একই সঙ্গে আগ্রাসী ও আঁটোসাঁটো। একমাত্র শ্রীলঙ্কাই আড়াই শ পেরোতে পেরেছে আফগানদের সঙ্গে, সেটাও কোনোক্রমে। রায়ডুও কাল স্বীকার করলেন, আফগান বোলিং ভালোই পরীক্ষা নেবে তাঁদের। শেষ পর্যন্ত ম্যাচটা যদি হয় শুধুই আনুষ্ঠানিকতা, তাহলে ভারতীয় টপ অর্ডারের সঙ্গে আফগান বোলিংয়ের লড়াইটাই ম্যাচের একমাত্র বিজ্ঞাপন। যদি থাকে হিসাব-নিকাশ, কে জানে আর কত কী হয়!