ভারতের সঙ্গে প্রীতিম্যাচ মার্চে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাঠমান্ডুতে গত সেপ্টেম্বর সর্বশেষ মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-ভারত ছবি: প্রথম আলো ফাইল ছবি
কাঠমান্ডুতে গত সেপ্টেম্বর সর্বশেষ মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-ভারত ছবি: প্রথম আলো ফাইল ছবি

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন আইএফএ শিল্ডে শেখ জামালের খেলা দেখতে কলকাতা গেছেন, এ তথ্য পুরোনো। তাঁরই উপস্থিতিতে ধানমন্ডির ক্লাবটি কলকাতার ইস্ট বেঙ্গলকে নাস্তানাবুদ করে এখন শিল্ড ফাইনালে। প্রস্তুত হচ্ছে ফাইনালের মহারণের জন্য। কিন্তু এরই মধ্যে একটি খবর আন্তর্জাতিক ম্যাচের খরায় ভোগা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জন্য স্বস্তির কারণ হয়ে এসেছে। সালাউদ্দিন কলকাতা গিয়েই ভারতীয় ফুটবল কর্তাদের সঙ্গে বসে ভারতের সঙ্গে একটি ফিফা-প্রীতিম্যাচের তারিখ ঠিক করে ফেলেছেন।
আগামী ৫ মার্চ গোয়ার নেহরু স্টেডিয়ামে ভারতের সঙ্গে এ প্রীতিম্যাচটি খেলবেন লোডভিক ডি ক্রুইফের ছেলেরা। এটা হতে যাচ্ছে দক্ষিণ এশীয় ফুটবলে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বাংলাদেশ-ভারতের ৩১তম ফুটবলযুদ্ধ।
এর আগে অনুষ্ঠিত ৩০টি লড়াইয়ে ভারত জিতেছে ১৭বার, বাংলাদেশ পাঁচবার। আটটি ম্যাচে কেউ কাউকে হারাতে পারেনি। ভারত গোল করেছে ৪১টি, বাংলাদেশ ২০টি। গত সেপ্টেম্বরে এই দুই দল শেষবার মুখোমুখি হয়েছিল কাঠমান্ডুর সাফ চ্যাম্পিয়নশিপে। খেলাটিতে অতিরিক্ত সময়ের গোলে বাংলাদেশের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল ভারত। বাংলাদেশের পক্ষে গোল করেছিলেন আতিকুর রহমান মিশু।