ভারতের সঙ্গে ম্যাচ কোনো ‘প্রতিশোধ মিশন’ নয়: মিসবাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরও একটি ভারত-পাকিস্তান ক্রিকেট লড়াই দরজায় কড়া নাড়ছে। ১৮ মার্চ এশিয়া কাপে ঢাকায় অনুষ্ঠেয় এই লড়াইকে অবশ্য কোনো ‘প্রতিশোধ মিশন’ বলতে নারাজ পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল হক। এক বছর আগে বিশ্বকাপে এই দুই দলের সর্বশেষ মোকাবিলায় ভারতের কাছে হেরে গিয়েছিল পাকিস্তান।‘ভারতের বিপক্ষে খেলা নিয়ে আমরা সত্যিই কোনো চাপ অনুভব করছি না। এশিয়া কাপে আরও দুটো দল আছে—শ্রীলঙ্কা ও বাংলাদেশ। পুরো প্রতিযোগিতা নিয়েই আমরা ভাবছি। আমাদের বাংলাদেশের বিপক্ষেও সতর্ক থাকতে হবে, কারণ দেশের মাটিতে, নিজেদের পরিচিতি দর্শকদের সামনে তারাও যেকোনো অঘটন ঘটিয়ে দিতে পারে।’ গতকাল বুধবার রাতে করাচিতে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্যই করেছেন মিসবাহ।তিনি আরও বলেন, ‘ভারতের বিপক্ষে ম্যাচটি বিশেষ কিছু, সন্দেহ নেই, তবে একে আমরা প্রতিশোধ মিশন হিসেবে চিহ্নিত করতে চাই না। প্রতিশোধ-টোতিশোধ এসব কথাবার্তা নিয়ে মাথা ঘামানোর অর্থই হচ্ছে নিজেদের ওপর বাড়তি চাপ তুলে নেওয়া।’ মিসবাহর মতে, এশিয়া কাপে প্রতিটি দলই প্রস্তুত হয়ে আসবে। অস্ট্রেলিয়াতে সিবি সিরিজে খেলছে ভারত ও শ্রীলঙ্কা। বাংলাদেশি ক্রিকেটাররাও ব্যস্ত ছিলেন জমজমাট বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে।নতুন কোচ ডেভ হোয়াটমোরের তত্ত্বাবধানে নিজেদের প্রথম মিশনে পাকিস্তান দল ভালো করবে বলেই মিসবাহর অভিমত। তিনি বলেন, ‘হ্যাঁ আমাদের সবকিছু নতুন করে শুরু করতে হচ্ছে। তবে আমরা ভালো করার ব্যাপারে সত্যিই আত্মবিশ্বাসী।’ পিটিআই।