ভারতের সফরে 'নিষিদ্ধ' লরগাত
দক্ষিণ আফ্রিকা সফরে যাবে ভারত। সংক্ষিপ্ত এই সফরটা চূড়ান্ত হয়েছে একটা শর্তে, ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী হারুন লরগাত কোনো কাজে যুক্ত থাকতে পারবেন না! একটু অদ্ভুত শোনালেও ব্যাপারটা ঠিক তা-ই। আইসিসির প্রধান নির্বাহী হিসেবে হারুন লরগাত এফটিপি (ফিউচার ট্যুর প্রোগ্রাম) সংক্রান্ত বিষয়ে বিরোধিতার জন্য অভিযুক্ত হয়েছিলেন। সেই তদন্ত এখনো চলছে। আর এ জন্যই ভারতের সফরে তাঁকে সাময়িকভাবে দায়িত্ব থেকে সরে থাকতে হবে। বিশ্ব ক্রিকেটে ভারতের ‘দাদাগিরি’ কী বিশাল, তার একটা প্রমাণ এতে পাওয়া গেল!
হারুন লরগাতের কারণেই এই সফর নিয়ে ভারত ইতস্তত করছিল। শেষ পর্যন্ত সফরের সূচিটা কাটছাঁট করেছে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। জুলাইতে ঘোষিত আগের সূচি অনুযায়ী তিন টেস্ট, সাত ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল ভারতের। আগামী ডিসেম্বরের সংশোধিত সফরসূচিতে সেটি নেমে এসেছে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডেতে। তবে এখনো পর্যন্ত নতুন ভেন্যুর নাম চূড়ান্ত হয়নি।
সেটা অবশ্য খুব শিগগির হয়ে যাবে, তবে অনেক দিনের একটা রীতি যে ভেঙে যাচ্ছে, সেটা মোটামুটি নিশ্চিত। নববর্ষের শুরুতে কেপটাউনের নিউল্যান্ডসে সাধারণত একটা টেস্ট হয়। কিন্তু এবার নতুন বছরের উপহারটা সম্ভবত পাচ্ছে না কেপটাউন। সংক্ষিপ্ত সফর যে এর আগেই শেষ হয়ে যেতে পারে! প্রোটিয়া অধিনায়ক গ্রায়েম স্মিথ নিজের হতাশাটা গোপন করেননি, ‘স্বাভাবিকভাবেই আমরা হতাশ। কিন্তু এখনো সবকিছু আমরা জানতে পারিনি। নতুন বছরের টেস্টটা আমাদের গ্রীষ্মের অন্যতম প্রধান আয়োজন। আমরা এখনো আশা করছি সেটা হবে।’
সফরটা ছেঁটে ফেলায় দর্শকদের ক্ষতি তো হয়েছেই, সিএসএরও কম হয়নি। প্রায় দুই কোটি ডলার (২০ কোটি র্যান্ড) আয় কমে যাবে সিএসএর। কপাল পুড়বে ইস্ট লন্ডন ও ব্লুমফন্টেনেরও। এ মৌসুমে এই দুই ভেন্যু আর কোনো আন্তর্জাতিক ম্যাচ না-ও দেখতে পারে! ওয়েবসাইট।