ভারতের সমর্থক পন্টিং!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিনের খারাপ পারফরমেন্স, অস্ট্রেলিয়ার দলগত ব্যর্থতা ইত্যাদি মিলিয়ে সময়টা খুব একটা ভালো যাচ্ছিল না রিকি পন্টিংয়ের। বিশ্বকাপ শুরুর পরও বেশ কয়েকটি বিতর্কে জড়িয়ে সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিলেন অসি অধিনায়ক। গতকাল ভারতের বিপক্ষে শেষ আটের লড়াইয়ে যেন এসব কিছুর জবাব দেওয়ার পণ করেই মাঠে নেমেছিলেন পন্টিং। শুরুতে সফলও হয়েছিলেন অনেকখানি। এখনো যে শেষ হয়ে যাননি, এটা প্রমাণ করতেই যেন খেললেন ১০৪ রানের চমত্কার এক ইনিংস। অস্ট্রেলিয়াকে এনে দিলেন ২৬০ রানের লড়িয়ে পুঁজি। কিন্তু এতেও খুব বেশি লাভ হলো না। পাঁচ উইকেটের হার মেনে নিয়েই মাঠ ছাড়তে হলো অস্ট্রেলিয়ার অন্যতম সফল এ অধিনায়ককে। নিজের ক্যারিয়ারটা এখন কোন পথে যাবে, তা নিয়ে কথা না বললেও ক্রিকেটে অস্ট্রেলিয়ান আধিপত্যের অবসান ঘটেছে—এমন কথাবার্তা একেবারেই পাত্তা দিচ্ছেন না পন্টিং।আর অবাক করার মতো খবর হলো, যে ভারতের কাছে হেরে টানা চতুর্থবারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ হয়ে গেছে, অসি অধিনায়ক রিকি পন্টিং এখন সেই ভারতেরই সমর্থক বনে গেছেন। সেমিফাইনালে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের দ্বৈরথে ভারতেরই জেতা উচিত বলে মত দিয়েছেন পন্টিং। বলেছেন, ‘এ দুই দলের মধ্যে থেকে কাউকে বেছে নেওয়াটা খুব কঠিন। কিন্তু আমার মনে হয়, মোহালিতে ভারত পাকিস্তানকে হারিয়ে দেবে।’গতকাল অস্ট্রেলিয়ার চেয়ে ভারত অনেক ভালো খেলেছে বলে একবাক্যেই স্বীকার করে নিয়েছেন পন্টিং। গতকাল পাঁচ উইকেটের হারের পর তিনি বলেছেন, ‘আমরা খুবই ভালো একটা দলের কাছে হেরেছি। আমার মনে হয়, আমাদের আরও ১৫-২০ রান সংগ্রহ করা উচিত ছিল। আর আমরা খুবই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছি। যে কারণে ব্যাটিং “পাওয়ার প্লে”টা নিতেও অনেক দেরি হয়ে গেছে। আমাদের বোলাররাও অহেতুক বেশ কিছু ওয়াইড বল করেছে ও চার দিয়েছে। সব মিলিয়ে আমাদের হারটা হয়েছে সব ক্ষেত্রেই দুর্দান্ত পারফরমেন্স দেখানো ভারতীয় দলের কাছে। শেষ ১৫ ওভারেও আমাদের জয়ের আশা ছিল। কিন্তু যুবরাজ সিং ও সুরেশ রায়না সত্যিই অসাধারণ খেলেছে।’ হিন্দুস্তান টাইমস।