ভারতের সহজ জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লড়াইটা ছিল আকাশ আর পাতালে থাকা দুই দলের। ‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা ভারতের সঙ্গে তলানিতে থাকা হল্যান্ডের। এ লড়াইয়ে প্রত্যাশিত জয় পেয়েছে ভারত।ভারতের ৫ উইকেটের জয়ের নায়ক যুবরাজ সিং। বল হাতে দুটি উইকেট নেন, আর ব্যাট হাতে এই ব্যাটসম্যান অপরাজিত থাকেন ৫১ রানে। হল্যান্ডের ১৮৯ রানের জবাবে ভারত লক্ষ্যে পৌঁছে যায় ৩৬.৩ ওভারে।সহজ লক্ষ্যের শুরুতেই ভারতের ঝোড়ো ব্যাটিং। প্রথম পাঁচ ওভারে আসে ৪৩ রান। আর শচীন টেন্ডুলকার ও বীরেন্দর শেবাগের উদ্বোধনী জুটিতে ৬৯। ৫টি চার ও ২টি ছয়ে ৩৯ রানের ইনিংস খেলে শেবাগ সাজঘরে ফেরার পর দ্রুত উইকেট পড়তে থাকে। দলীয় ৯৯ রানে চতুর্থ উইকেট হারিয়ে বসে ভারত। কিন্তু যুবরাজ সিংয়ের হার না-মানা হাফ সেঞ্চুরিতে ভারতের জয়টা আসে বড় ব্যবধানেই।দিবা-রাত্রির এই ম্যাচে শুরুটা ভালোই হয়েছিল হল্যান্ডের। এরিক সোয়ারজিনস্কি ও ওয়েসলি বারেসির উদ্বোধনী জুটিতে আসে ৫৬ রান। কিন্তু এর পরই যেন আসা-যাওয়ার মিছিলে নামেন ডাচ ব্যাটসম্যানরা। একপর্যায়ে ১৫১ রানে আটটি উইকেট হারিয়ে বসে হল্যান্ড। তবে দলকে এত অল্প রানে গুটিয়ে যেতে দেননি পিটার বোরেন ও মুদাসসর বুখারি। ব্যাটসম্যানদের বিপর্যয়ের মধ্যে এ দুজন হল্যান্ডকে এনে দেন যথাক্রমে ৩৮ ও ২১ রান।হল্যান্ডের টপ অর্ডারের তিন ব্যাটসম্যান ভালোই খেলেছেন। সাজঘরে ফেরার আগে সোয়ারজিনস্কি ২৮, ওয়েসলি বারেসি ২৬ ও টম কুপার ২৯ রান করেন। ভারতের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন জহির খান। দুটি করে উইকেট নেন পীযূষ চাওলা ও যুবরাজ সিং।