ভারতের সাজঘরে ঢুকেছিলেন দাউদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দাউদ ইব্রাহিম
দাউদ ইব্রাহিম

ক্রিকেটের বেশ কয়েকটি ম্যাচ পাতানো কেলেঙ্কারির সঙ্গে নাকি যোগসাজশ ছিল দাউদ ইব্রাহিমের। ১৯৮৬ সালে শারজাহ কাপের সময় কুখ্যাত এই মাফিয়া ডন পা রেখেছিলেন ভারতীয় ক্রিকেট দলের সাজঘরেও। সম্প্রতি এমন এক তাক লাগানো তথ্যই জানিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক দিলীপ ভেংসরকার।
১৯৮৬ সালের সেই প্রতিযোগিতার শিরোপা জিততে পারলে নাকি ভারতীয় ক্রিকেটারদের টয়োটা গাড়ি উপহার দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন দাউদ। পাকিস্তানের বিপক্ষে ওই প্রতিযোগিতার ফাইনাল খেলার আগের দিন তিনি ভারতের সাজঘরে এসেছিলেন। সম্প্রতি জলগাঁওয়ে এক অনুষ্ঠানে ভেংসরকার বলেছেন, পাকিস্তানকে হারাতে পারলে দাউদ দলের প্রতিটি খেলোয়াড়কে একটি করে গাড়ি উপহার দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। সেই প্রস্তাবটা অবশ্য কেউই গ্রহণ করেননি।
দাউদ ইব্রাহিমকে ভারতের সাজঘরে নিয়ে এসেছিলেন একসময়ের বিখ্যাত অভিনেতা মেহমুদ। তিনি দাউদকে পরিচয় করিয়ে দিয়েছিলেন একজন ব্যবসায়ী হিসেবে। তবে সাজঘরে খুব বেশিক্ষণ থাকার সুযোগ পাননি ভারতের এই কুখ্যাত সন্ত্রাসী। ভারতের তত্কালীন অধিনায়ক কপিল দেব দাউদের উপস্থিতিটা পছন্দ করেননি। বিনয়ের সঙ্গেই তিনি দাউদকে সাজঘরের বাইরে চলে যেতে অনুরোধ করেছিলেন।
পরবর্তীকালে ভারতীয় সাময়িকী ‘ইন্ডিয়া টুডে’কে দেওয়া এক সাক্ষাত্কারে কপিল বলেছিলেন, ‘হ্যাঁ, শারজাহতে একটা ম্যাচের আগে এক ভদ্রলোক আমাদের সাজঘরে এসেছিলেন আর খেলোয়াড়দের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। কিন্তু আমি তাঁর উপস্থিতি আমার ভালো লাগেনি।’
ভারতীয় সাজঘরে দাউদ ইব্রাহিমের এই উপস্থিতির কথা স্বীকার করেছিলেন বিসিসিআইয়ের সাবেক সেক্রেটারি জয়ওয়ান্ত লেলে। সেই ঘটনাটির কথা তিনি উল্লেখ করেছিলেন ‘আমি সেখানে ছিলাম—একজন ক্রিকেট প্রশাসকের স্মৃতিকথা’ নামক বইয়ে।
১৯৮৬ সালের এই ফাইনালটি অবশ্য স্মরণীয় হয়ে আছে জাভেদ মিয়াঁদাদের শেষ বলে ছক্কা হাঁকানোর জন্য। উত্তেজনাপূর্ণ সেই ম্যাচটাতে পাকিস্তান জয়ও পেয়েছিল মিয়াঁদাদের এই ছয়ের জন্য। ১১৬ রান করে শেষ পর্যন্ত অপরাজিতই ছিলেন পাকিস্তানের এই কিংবদন্তি ব্যাটসম্যান। পেসার চেতন শর্মার বলে মিয়াঁদাদ যখন সেই বিখ্যাত ছক্কাটি মারেন তখন শেষ বলে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল ৫ রান !—টাইমস নিউজ নেটওয়ার্ক