ভারতের সাফল্যের মন্ত্র শৃঙ্খলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩০ বছর পর ইংল্যান্ডের মাটিতে আরও একটি বৈশ্বিক টুর্নামেন্টের শিরোপা জয়। মহেন্দ্র সিং ধোনি আর তাঁর ভারত যেন উড়ছে হাওয়ায়! একদল তরুণ ক্রিকেটারকে নিয়ে যখন ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছেড়েছিলেন, ধোনির দলকে নিয়ে এতটা আশাবাদী কেউ ছিল না। অথচ সেই দলটাই পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলে বাজিমাত করেছে। সাফল্যের মন্ত্রটা কী?

এজবাস্টনের সেই ফাইনালের পর থেকে এখন পর্যন্ত এ নিয়ে সরাসরি মুখ খোলেননি কেউ। কিন্তু দলের ঘনিষ্ঠ এক সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এই সাফল্যের মন্ত্র কঠোর নিয়মানুবর্তিতা। যার চর্চাটা শুরু হয়েছিল আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে যাওয়ার আগে থেকেই। ছোট সফর, তাই ভারতীয় ক্রিকেটারদের এবার স্ত্রীদের সঙ্গে নেওয়ার অনুমতি দেওয়া হয়নি। একমাত্র নববিবাহিত উমেশ যাদব তাঁর স্ত্রীকে ইংল্যান্ড নিয়ে যান বিশেষ অনুমতিতে। এমনকি টুর্নামেন্ট শুরুর পরও অনেক ক্রিকেটার চেয়েছিলেন খেলা না থাকলে সে রাতে কিছুটা সময় নৈশক্লাবে কাটানোর। কিন্তু সেই অনুমতিও মেলেনি। বাধ্য হয়েই তাই পুরো টুর্নামেন্টে নাকি খেলোয়াড়দের মনোযোগ ছিল শুধুই ক্রিকেটে।

এই শৃঙ্খলা ধরে রাখতে পারলে হয়তো ওয়েস্ট ইন্ডিজ সফরের ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্টেও সাফল্য পাবে ভারত। লন্ডন থেকে গতকাল জ্যামাইকার বিমানে চড়া ধোনির দলের চোখে-মুখে দেখা গেছে সেই আত্মবিশ্বাস। আগামীকাল থেকে শুরু এই ত্রিদেশীয় টুর্নামেন্টে অংশ নিচ্ছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ, ভারত ও শ্রীলঙ্কা। ওয়েবসাইট।