ভারতের সামনে ২৫১ রানের চ্যালেঞ্জ
সেঞ্চুরিয়ানে মেঘলা আকাশ দেখে টস জিতে ফিল্ডিংই বেছে নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। দলীয় ১৬ রানেই প্রোটিয়া অধিনায়ক গ্রায়েম স্মিথকে ফিরিয়ে দিয়ে ভারতীয় বোলাররা অধিনায়কের সিদ্ধান্তকে সম্মানই জানিয়েছিলেন। কিন্তু হাশিম আমলার অনবদ্য সেঞ্চুরি শেষ পর্যন্ত ভারতের সব স্বস্তি-আনন্দকে ছাপিয়ে দক্ষিণ আফ্রিকাকে পৌঁছে দিয়েছে চ্যলেঞ্জিং এক সংগ্রহে। ৪২তম ওভারে আকাশ ভেঙে বৃষ্টি নামার কারণে দক্ষিণ আফ্রিকার ইনিংস থেকে চার ওভার কমিয়ে দেন ম্যাচ রেফারি। কিন্তু ততক্ষণে আমলা ও ফনউইকের কল্যাণে দক্ষিণ আফ্রিকা চ্যালেঞ্জিং সংগ্রহের পথে এগিয়ে যায় অনেক দূর। বৃষ্টি শেষে ব্যাট করতে নেমে দ্রুত রান তুলতে গিয়ে বেশ কয়েকটি উইকেট হারালেও ইনিংস শেষে স্পিংবকদের সংগ্রহটা সমীহজাগানিয়াই। অন্তত, সাম্প্রতিককালে ভারতীয় ব্যাটসম্যানদের ফর্মহীনতা ৪৬ ওভারে দক্ষিণ আফ্রিকার ২৫০ রানকে একটু কঠিনই করে তুলেছে।আমলা দৃপ্ত হাতে এক দিক ধরে রেখে সংগ্রহ করেছেন ১১৬ রান। ফনউইক ৫৬ রান করে তাঁকে দিয়েছেন সঙ্গ। এর পাশাপাশি জেপি ডুমিনির ৩৫ দক্ষিণ আফ্রিকার সংগ্রহে রেখেছে বড় ব্যবধান। তবে, বৃষ্টির পর ব্যাটসম্যানদের তাড়াহুড়ো রানটাকে ভারতের ধরা-ছোঁয়ার বাইরে নিয়ে যেতে পারেনি—দক্ষিণ আফ্রিকার আফসোস বলতে এতটুকুই।ভারতের পক্ষে মুনাফ প্যাটেল, জহির খান ও যুবরাজ সিং নিজেদের মধ্যে ভাগাভাগি করেছেন সাত উইকেট। বোলিংটা শেষ পর্যন্ত ভালো হলেও ভারতের সিরিজ জয় নির্ভর করছে ব্যাটসম্যানদের পারফরম্যান্সের ওপর। দেখা যাক, ভারতীয় ব্যাটসম্যানরা প্রত্যাশাকে ছাপিয়ে যেতে পারেন কি না। রয়টার্স।