প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাত্রই শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজ সফরে সিরিজ-সেরা হয়েছেন ভারতের ফাস্ট বোলার ইশান্ত শর্মা। তিন ম্যাচে পেয়েছেন ২২ উইকেট। ভেঙেছেন তিন বা কম ম্যাচের সিরিজে কোনো ভারতীয় পেস বোলারের উইকেট পাওয়ার রেকর্ড। আগের রেকর্ডটি ছিল ইরফান পাঠানের। ২০০৫ সালে জিম্বাবুয়ে সফরে দুই টেস্টেই ২১টি উইকেট পেয়েছিলেন বাঁহাতি পেসার। এরপর সিরিজে ১৮ উইকেট নিয়ে পাশাপাশি আছেন জাভাগাল শ্রীনাথ (দক্ষিণ আফ্রিকায় ১৯৯৬-৯৭), ইরফান পাঠান (২ টেস্ট, বাংলাদেশে ২০০৪-০৫), শ্রীশান্ত (দক্ষিণ আফ্রিকায় ২০০৬-০৭) ও জহির খান (ইংল্যান্ডে ২০০৭)। দেশের মাটিতে তিন ম্যাচের সিরিজে ভারতীয় রেকর্ডটি জাভাগাল শ্রীনাথ ও ভেঙ্কটেশ প্রসাদের। ১৯৯৬-৯৭ মৌসুমে সফরকারী প্রোটিয়াদের ১৭টি করে উইকেট নিয়েছিলেন এই দুজন।