ভারতের স্পিনেই নাকাল ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগেই সুপার এইট নিশ্চিত হয়ে গেছে দুই দলের। আফগানিস্তানের বিদায়ই নিশ্চিত করেছে সেটা। অদ্ভুত ফরম্যাটের কারণে উত্তেজনা নেই গ্রুপ চ্যাম্পিয়ন বা রানার্সআপ হওয়া নিয়েও। কাল তাই কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারত-ইংল্যান্ড দুই দলই নামল অনেকটা নির্ভার হয়ে। গ্রুপ ‘এ’র শেষ ম্যাচটায় ভারতীয়রা নামল তিন খেলোয়াড় পাল্টে, ইংলিশরা পাল্টাল একজন।ম্যাচটাও হলো একতরফা। ৮০ রানে অলআউট হয়ে ইংল্যান্ড হেরে গেল ৯০ রানে। হলো বেশ কয়েকটা রেকর্ড। পরিবর্তন এল টি-টোয়েন্টির দলীয় র্যা ঙ্কিংয়েও। ২০ ওভারের ক্রিকেটে নিজেদের সর্বনিম্ন স্কোরে আউট হয়ে দক্ষিণ আফ্রিকার কাছে এক নম্বর স্থানটা ছেড়ে দিতে হলো ইংলিশদের। আর টি-টোয়েন্টিতে রানের হিসাবে নিজেদের সবচেয়ে বড় জয়টি ভারতকে তুলে এনেছে তিনে।ইংল্যান্ডের সামনে ১৭১ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল মহেন্দ্র সিং ধোনির দল। এই ম্যাচেই অশ্বিনের জায়গায় দলে ঢোকা হরভজন সিংয়ের ক্যারিয়ার-সেরা বোলিংয়ে (৪/১২) নাকাল হয় ইংলিশরা। ৬০ রানে ৮ উইকেটে হারানো দলটিকে হুমকি দিচ্ছিল আন্তর্জাতিক টি-টোয়েন্টির সর্বনিম্ন রানের রেকর্ড (৬৭)। সেটা এড়াতে পারলেও নিজেদের আগের সর্বনিম্ন স্কোরটা পেরোতে পারেনি স্টুয়ার্ট ব্রডের দল। ১৩ রানে ২ উইকেট নিয়ে নিজের সেরা বোলিং করেছেন লেগ স্পিনার পিযূষ চাওলাও। ইংল্যান্ডের সর্বোচ্চ স্কোর ওপেনার ক্রেগ কিসেওয়েটারের (২৫ বলে ৩৫)।টস জিতে ভারতকে ব্যাটিং দিয়েছেন ইংলিশ অধিনায়ক স্টুয়ার্ট ব্রড। ইরফান পাঠানকে উদ্বোধন করতে পাঠিয়ে হয়তো ইংলিশদের চমকে দিতে চেয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। তবে উল্টো ছোট পাঠানই চমকে গিয়েছিলেন। ৮ বলে ৮ রান। স্টিভেন ফিনের বলে বোল্ড হয়ে পাঠানের পাঠ ওখানেই শেষ। দ্বিতীয় উইকেটে গৌতম গম্ভীর ও বিরাট কোহলি মিলে গড়লেন ইনিংসের সবচেয়ে বড় জুটি। জুটির ৫৭ রানের ৪০-ই কোহলির। কোহলি ৩২ বলে ৪০ করেছেন ৬ বাউন্ডারির সাহায্যে। ভারতের ইনিংসে সর্বোচ্চ রান রোহিত শর্মার। চারে নেমে ৫ চার ও ১ ছয়ে মাত্র ৩৩ বলে ৫৫ রান করে অপরাজিত ছিলেন ডানহাতি। তথ্যসূত্র: ক্রিকইনফো।সংক্ষিপ্ত স্কোরভারত: ২০ ওভারে ১৭০/৪ (গম্ভীর ৪৫, পাঠান ৮, কোহলি ৪০, রোহিত ৫৫*, ধোনি ৯, রায়না ১* ; ফিন ২/৩৩, ডার্নবাখ ১/৪৫, ব্রড ০/৩৬, ব্রেসনান ০/৩৫, সোয়ান ১/১৭)। ইংল্যান্ড: ১৪.৪ ওভারে ৮০ (কিসেওয়েটার ৩৫, হেলস ০, রাইট ৬, মরগান ২, বেয়ারস্টো ১, বাটলার ১১, ব্রেসনান ১, ব্রড ৩, সোয়ান ০, ফিন ৮*, ডার্নবাখ ১২; পাঠান ২/১৭, বালাজি ০/১০, দিন্দা ১/২৬, হরভজন ৪/১২, চাওলা ২/১৩, যুবরাজ ০/২)। ফল: ভারত ৯০ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: হরভজন সিং।