ভারতের ১৬১ রান, অস্ট্রেলিয়ার চাই ৬ উইকেট
জয় পেতে হলে দ্বিতীয় ইনিংসে প্রয়োজন মাত্র ২১৬ রান। প্রথম ইনিংসে ৪০৫ রান করা ভারতীয় দলের কাছে এটা কোনো ব্যাপার হলো? মোটেই না। তবে সেই সহজ কাজটিই কঠিন করে ফেলেছেন ভারতের ব্যাটসম্যানরা। চতুর্থ দিন শেষে ৫৫ রান তুলতেই যে চলে গেছে চারটি উইকেট! মোহালি টেস্টে জয়ের জন্য আরও ১৬১ রান তুলতে হবে স্বাগতিকদের, আর অস্ট্রেলিয়ার চাই ৬ উইকেট।অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের শুরুর সঙ্গে শেষের যেন আকাশ-পাতাল পার্থক্য। উদ্বোধনী জুটিতে শেন ওয়াটসন ও সাইমন ক্যাটিচ তোলেন ৮৭ রান। অথচ ১৯২ রান তুলতেই ইনিংস শেষ! অতিরিক্ত থেকে ২১ রান না এলে ইনিংসটা আরও খাটো হতে পারত। ভারতীয় বোলারদের তোপের মাঝে অস্ট্রেলিয়ার মাত্র চারজন ব্যাটসম্যান দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পেরেছেন। দলের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেছেন ওয়াটসন। ক্যাটিচ ও হাসির সংগ্রহ যথাক্রমে ৩৭ ও ২৮। জহির খান ও ইশান্ত শর্মা তিনটি এবং হরভজন সিং ও ওঝা দুটি করে উইকেট শিকার করেন।অস্ট্রেলিয়া অল্প রানে গুটিয়ে যাওয়ার পর ধস নামে ভারতীয় ব্যাটিং অর্ডারেও। প্রথম ওভারে গম্ভীরকে ফিরিয়ে দিয়ে শুরুটা করেন হিলফেনহস। তখনো রানেই খাতা খোলা হয়নি ভারতীয় দলের। দলীয় ৩১ রানে দ্রাবিড়কে (১৩) ফিরিয়ে দেন বলিঞ্জার। দলীয় সংগ্রহ ৫০ স্পর্শ করার আগেই হিলফেনহসের শিকারে পরিণত হন বীরেন্দর শেবাগ (১৭) ও সুরেশ রায়না (০)। চতুর্থ দিনের খেলা শেষ হওয়ার সময় শচীন টেন্ডুলকার ১০ ও জহির খান ৫ রানে অপরাজিত ছিলেন।—ক্রিকইনফো