ভারতের 'ডর' ডারবান!

আবার ডারবান! আবার আতঙ্কে ভারত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি খেলতে নামার আগে এই ডারবান ‘জুজু’ই তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে মহেন্দ্র সিং ধোনির দলকে। ডারবানের কিংসমিড নামের এই ভেন্যুটিকে পারলে আন্তর্জাতিক তালিকা থেকেই বাদ দিয়ে দেয় ভারত। ২১ বছর ধরে এই মাঠে যে একটি ম্যাচও জেতেনি ভারত।
তথ্যটা বেশ অদ্ভুতই। ১৯৯২ সাল থেকে এ পর্যন্ত কিংসমিডে খেলা পাঁচটি ওয়ানডের সবকটিতেই হারের মুখ দেখেছে ভারত। এর চেয়েও ভয়ংকর তথ্য হলো, এই মাঠে কেবল একবারই ২০০ রানের কোটা পেরিয়েছে তারা। ২০০৬ সালে একটি ওয়ানডেতে তো ৯১ রানে অলআউট হয়ে যাওয়ার লজ্জায় পুড়তে হয়েছে। সব মিলিয়ে আজ সিরিজ বাঁচানোর লড়াইয়ে মাঠে নামার আগে ডারবানের দুঃসহ স্মৃতিগুলো ভালোই তাড়িয়ে বেড়াবে ভারতীয়দের।
জোহানেসবার্গের প্রথম ওয়ানডেতে ১৪১ রানের বিরাট ব্যবধানে হেরে এই মুহূর্তে ব্যাকফুটেই আছে ধোনি, কোহলি, ধাওয়ানরা। এর মধ্যে ডারবানের মাঠের বাজে রেকর্ড ভারতকে ফেলেছে চ্যালেঞ্জের মুখে। ধোনিরা কী পারবেন, এই মাঠে ২১ বছরের রেকর্ড এলোমেলো করে ভারতকে সিরিজে টিকিয়ে রাখতে!
বাংলাদেশ সময় আজ দুপুরে শুরু হওয়া এই ম্যাচটিতে ডারবানের চেয়েও বড় আতঙ্ক ডেল স্টেইন। দক্ষিণ আফ্রিকার শক্ত-বাউন্সি উইকেটে ভারতীয় ব্যাটসম্যানরা নিজেদের ‘উন্মুক্ত’ করে দিয়েছেন জোহানেসবার্গের প্রথম ম্যাচেই। ঐতিহাসিকভাবে কিংসমিড কিন্তু পেসারদের জন্য সহায়তার হাত কিছুটা বাড়িয়ে রাখেই। তাই হয়তো খেলা শুরুর আগেই স্টেইন হুংকার দিয়ে যাচ্ছেন একের পর এক। বলেছেন, ভারতীয় ব্যাটসম্যানরা যেন আরও আক্রমণাত্মক বোলিং সামলানোর জন্য নিজেদের তৈরি করে রাখে।’
তবে স্টেইনের হুংকারের জবাবটা প্রাথমিকভাবে দিয়েছেন বিরাট কোহলি। বলেছেন, দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণ সামলানোর জন্য সম্পূর্ণ তৈরি ভারতীয় দল। প্রোটিয়া পেসারদের ভয়ে ভারতীয় ব্যাটসম্যানরা কুঁকড়ে গেছেন—এমনটাও ভাবার কোনো কারণ নেই। সূত্র: পিটিআই।