ভারতের 'হৃদয় ভেঙে' ভারতেই আসতে চান হৃদয় সারাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতে হৃদ্‌যন্ত্র প্রতিস্থাপন করতে চান মনসুর। এ জন্য তিনি ভারতীয় ভিসা চান
ভারতে হৃদ্‌যন্ত্র প্রতিস্থাপন করতে চান মনসুর। এ জন্য তিনি ভারতীয় ভিসা চান
>হকির মাঠে অজস্রবার ভারতের ‘হৃদয় ভেঙেছেন’। পাকিস্তানের বিশ্বকাপজয়ী তারকা মনসুর আহমেদ এখন নিজের হৃদ্‌যন্ত্রের চিকিৎসার জন্য চান ভারতীয় ভিসা

পাকিস্তানের বিশ্বকাপজয়ী হকি তারকা মনসুর আহমেদ। ১৯৯৪ সালে সিডনিতে বিশ্বকাপ হকির ফাইনালে হল্যান্ডের পেনাল্টি স্ট্রোক ঠেকিয়ে হয়েছিলেন জাতীয় নায়ক। দেশের জার্সিতে ৩৩৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই হকি গোলরক্ষক গুরুতর হৃদ্‌রোগে আক্রান্ত। ভারতের ভিসা চান হৃদ্‌যন্ত্র প্রতিস্থাপনের জন্য।

১৯৮৯ সালে ইন্দিরা গান্ধী হকিতে পাকিস্তানের কাছে হেরে গিয়েছিল ভারত। সেই ম্যাচে পাকিস্তানের গোলপোস্টে ছিলেন মনসুর। ম্যাচটির কথা মনে করেই ভিসার আরজিটা তাঁর, ‘১৯৮৯ সালে ইন্দিরা গান্ধী হকিতে আমি ভারতীয়দের হৃদয় ভেঙে দিয়েছিলাম। একই রকমভাবে হৃদয় ভেঙেছি আরও অনেক ম্যাচে। কিন্তু ওসব তো খেলার মাঠের ঘটনা। আমি এখন ভারতে আমার চিকিৎসা করাতে চাই। করাতে চাই হৃদ্‌যন্ত্রের প্রতিস্থাপন। সে জন্য আমি ভারতের ভিসা চাই। আশা করছি, ভারতীয় সরকার মানবিক দিকটা বিবেচনা করে আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে।’

পাকিস্তানের জার্সি গায়ে তিনি খেলেছেন ১৯৮৬ থেকে ২০০০ সাল পর্যন্ত। অংশ নিয়েছেন তিনটি অলিম্পিকসহ অন্যান্য বৃহৎ টুর্নামেন্ট। অভিজ্ঞতায় ঋদ্ধ এই হকি কিংবদন্তির আরজি, ‘এই মুহূর্তে ভারতীয় মেডিকেল ভিসাই আমার জীবন রক্ষা করতে পারে। ভিসা পেলে আমি ভারতীয় কর্তৃপক্ষের কাছে চিরকৃতজ্ঞ থাকব।’

২০০৮ সালে মুম্বাইয়ে বন্দুকধারীদের হামলায় শতাধিক মৃত্যুর পর থেকে পাকিস্তানের সঙ্গে যেকোনো ধরনের ক্রীড়া বিনিময় প্রায় শূন্যের কোটায় নামিয়ে নিয়ে এনেছে ভারত। মুম্বাইয়ের সন্ত্রাসী ঘটনায় জড়িত সন্ত্রাসীরা পাকিস্তানি নাগরিক হওয়ায় নৃশংস সেই ঘটনায় ভারত সব সময়ই পাকিস্তানকে দায়ী করে আসছে।

দ্বিপক্ষীয় খেলাধুলা বন্ধ থাকলেও বহুজাতিক প্রতিযোগিতায় ভারত ও পাকিস্তান নিয়মিতই মুখোমুখি হচ্ছে। কিছুদিন আগেই গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসের হকিতে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। দুই দেশের ভিসাপ্রক্রিয়াও জটিল।

কিন্তু মনসুর আশা করেন, একজন ক্রীড়াদূতের আহ্বান ভারত বিশেষ বিবেচনায় রাখবে।