ভারত-পাকিস্তান হকি ঢাকায়?
এশিয়া কাপ হকির সৌজন্যে মওলানা ভাসানী স্টেডিয়ামে বসছে ফ্লাডলাইট। স্টেডিয়ামে ফ্লাডলাইট বসানোর অগ্রগতি দেখতে ঢাকায় এসেছেন এশিয়ান হকি ফেডারেশনের (এএইচএফ) কর্মকর্তারা। সব ঠিক থাকলে ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় মওলানা ভাসানী স্টেডিয়ামে জ্বলতে পারে ফ্লাডলাইট।
আগামী ১১ অক্টোবর ঢাকায় শুরু আট জাতির এশিয়া কাপ হকি। ৩২ বছর পর এমন বড় মাপের আন্তর্জাতিক টুর্নামেন্টের স্বাগতিক হতে পেরে উচ্ছ্বসিত ফেডারেশনের কর্মকর্তারা। শুধু এশিয়া কাপই নয়, ঢাকায় ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজন করতেও আগ্রহী বাংলাদেশ হকি ফেডারেশন। আন্তর্জাতিক মানের ভেন্যুর শর্তগুলো পূরণ করার পথে বাংলাদেশ। তাই এটি আয়োজন করা অসম্ভব কিছু নয়। এশিয়া কাপ হকির লোগো উন্মোচন অনুষ্ঠানে এসে কাল সেই সম্ভাবনার কথা জানালেন এএইচএফের প্রধান নির্বাহী তৈয়ব ইকরাম, ‘আমাদের পরিকল্পনা আছে বাংলাদেশে ভারত-পাকিস্তান হকি টুর্নামেন্ট করার। শুধু তা-ই নয়, এখানে এশিয়ান হকি ফেডারেশন আরও নতুন নতুন টুর্নামেন্টের আয়োজন করবে।’ এশিয়া কাপ হকির প্রস্তুতি নিয়েও সন্তুষ্ট তিনি, ‘এখন পর্যন্ত সবকিছুই ঠিকঠাক চলছে।’
তারই অংশ হিসেবে রাজধানীর একটি হোটেলে কাল এশিয়া কাপ হকির লোগো উন্মোচন করা হলো। টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক টু-হুইলার প্রস্তুতকারক ভারতীয় প্রতিষ্ঠান হিরো মটোকর্প লিমিটেড। লোগো উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল আবু এসরার, সাধারণ সম্পাদক আবদুস সাদেক, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান হিরো মটোকর্পের কর্মকর্তা জে নারায়ণসহ আরও অনেকে।