ভারত-পাকিস্তানের 'পল্টন' যুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় জয় চায় দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ছবি: শামসুল হক
ঢাকায় জয় চায় দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ছবি: শামসুল হক

পৃথিবীর দুই বৈরী রাষ্ট্র আজ যুদ্ধ করবে বাংলাদেশের রাজধানীতে। নাহ্‌, সেই যুদ্ধ বন্দুক-কামান-ট্যাংকের নয়, যুদ্ধটা খেলার মাঠের। আরও নির্দিষ্ট করে বললে হকির।

এশিয়া কাপ হকিতে আজ ভারত-পাকিস্তান মুখোমুখি। দুই চিরশত্রু। দুই বৈরী প্রতিবেশী। কূটনৈতিক অস্থিরতার কারণে যে দুই দল খেলার মাঠেও একে অন্যের মুখোমুখি হতে চায় না, সেই দুই দলের এই লড়াই আজ অন্য রকম উত্তেজনাই ছড়াবে ঢাকার মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে। যেটি ঢাকার বিখ্যাত পল্টন ময়দানেরই অংশ।

নিজেদের প্রথম দুই ম্যাচেই জিতেছে ভারত। জাপান আর বাংলাদেশকে উড়িয়ে প্রায় নিশ্চিত করে ফেলেছে সেমির লড়াই। পাকিস্তান প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে বড় জয় পেলেও শুক্রবার জাপানের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে কিছুটা বিপাকেই। আজকের ম্যাচে হেরে গেলে তাই ‘যদি’ ‘কিন্তু’র মারপ্যাঁচে পড়ে যেতে হতে পারে তাদের। ম্যাচটা ভারতের বিপক্ষে বলেই চাপটা বেশি পাকিস্তানের। ভারত অবশ্য ম্যাচটিকে আর দশটা ম্যাচের মতোই মনে করে। তারপরও ভারত-পাকিস্তান লড়াই—আলাদা উত্তেজনা তো কাজ করেই। এ ম্যাচটা যে দুই দেশেরই ‘মর্যাদার লড়াই।’

দুই দলের মুখোমুখি লড়াইয়ে অবশ্য পাকিস্তানই এগিয়ে। ১৬৯ ম্যাচের মধ্যে পাকিস্তান জিতেছে ৮২টিতে, ভারত ৫৭টি। ড্র হয়েছে ৩০ ম্যাচ। এশিয়া কাপের সাত ম্যাচের ছয়টিতেই জিতেছে পাকিস্তান। একবার ভারত। তবে সাম্প্রতিক সময়ে পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে আছে ভারত। জুনে লন্ডনে বিশ্ব হকি লিগের দুটি ম্যাচেই পাকিস্তানকে হারিয়েছে তারা।

তবে ঢাকার মাঠে দুই দলই আছে সমতায়। ঢাকায় ১৯৮৫ সালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। আবার ২০১০ এসএ গেমসে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ঢাকা, আজ তুমি কার?