ভারোত্তোলক বিদ্যুতের আকাশ ছোঁয়ার স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ দুর্গাবাড়ী আমিন ফার্মেসির ‘ডাক্তার বাবু’র আরেকটা পরিচিতি আছে। স্থানীয় সবাই তাঁকে ‘বডিবিল্ডার’ বলেই চেনে। তিনি আসলে বডিবিল্ডার নন, ভারোত্তোলক। ২৫ বছর ধরে ‘ভার’ তুলছেন বিদ্যুৎ কুমার রায়। জাতীয় প্রতিযোগিতায় এ পর্যন্ত ২৫টি আসরে খেলে টানা ২৪টিতেই জিতেছেন সোনা! শুধু ১৯৮৮ সালে প্রথমবার রুপা জিতেছিলেন।শুরুটা ১৯৮৭ সালে। বড় ভাই নিরঞ্জন রায় ছিলেন ভারোত্তোলক। বাড়ির পাশের জিমনেসিয়ামে নিয়মিত ব্যায়ামচর্চার পাশাপাশি ভারোত্তোলনে অংশ নিতেন। বড় ভাইকে দেখে একদিন ব্যায়াম করার শখ জাগে বিদ্যুতের। কিন্তু ভয়ে বলতে পারেননি। পরে লুকিয়ে জিমনেসিয়ামে যান ব্যায়ামচর্চা করতে। সেখানেই দেখেন ভারোত্তোলনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। শরীর গঠন বাদ দিয়ে ঝুঁকে পড়লেন ভারোত্তোলনে। প্রথম ওস্তাদ ইব্রাহিম খলিল বিদ্যুৎকে দেখে বলেছিলেন, ‘তোর ফিগার ভালো। তুই ওয়েটলিফটিংয়ে ভালো করবি।’ ওস্তাদের কথা বিফলে যায়নি। জাতীয় প্রতিযোগিতায় টানা সোনা জয়ের রেকর্ডটা তারই প্রমাণ। সেই রেকর্ডযাত্রা এখনো শেষ নয়। বিদ্যুৎ এখন প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশ গেমসের জন্য। সর্বশেষ বাংলাদেশ গেমসের তিক্ত স্মৃতিটাও ভুলতে চান এবার। ২০০২ সালের গেমসে অংশ নিতে গিয়ে ময়মনসিংহ থেকে ঢাকা আসার পথে সড়ক দুর্ঘটনায় পড়েছিলেন। অল্পের জন্য বেঁচে যান। তবে ভাঙা পা বেশ ভুগিয়েছিল। এর আগে ১৯৮৮ সালে বাংলাদেশ গেমসে রুপা জিতেছিলেন। ১৯৯২ ও ১৯৯৬ গেমসে জেতেন সোনা।১৯৮৮ সালে প্রথম ডাক পেলেন সাফ গেমসের ক্যাম্পে। দিনটি আজও ভোলেননি বিদ্যুৎ। ১৫ দিন আগে বাবাকে হারিয়েছেন। সেই শোক বুকে চেপেই পাকিস্তানের ইসলামাবাদ গিয়েছিলেন। চতুর্থ হয়েছিলেন সেখানে। সেই স্মৃতিচারণা করছিলেন কাল, ‘আমার তৃতীয় হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু বাবা মারা যাওয়ায় আমাকে ৪০ দিনের মধ্যে অনেক নিয়ম পালন করতে হয়। তাই ফিটনেসের অভাব ছিল।’ প্রথম কোনো আন্তর্জাতিক আসরে খেলতে গিয়ে মঞ্চে উঠে সেকি পা কাঁপা বিদ্যুতের! বলেন আর নিজেই হাসেন। এরপর একে একে খেলে ফেলেছেন সাতটি দক্ষিণ এশীয় গেমসে। সর্বোচ্চ সাফল্য ২০০৪ সালে পাকিস্তানের ইসলামাবাদে রুপা। আর পুরস্কার হিসেবে ময়মনসিংহ শহরে এক খণ্ড জায়গা দিয়েছে সরকার। জিতেছেন ২০০৫ সালের জাতীয় ক্রীড়া পুরস্কার ও ২০০৪ সালে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির পুরস্কার। অনেক তো হলো। এবার কি থামবেন না? বিদ্যুতের উত্তর, ‘খেলে অনেক কিছু পেয়েছি এ জীবনে। এখন একটাই ইচ্ছা, গিনেস বুকে নিজের নামটা দেখতে চাই। আমাদের টিটি খেলোয়াড় লিনু আপা যদি পারেন, আমিও পারব।’ নিজের কৃতিত্বের সব সার্টিফিকেট বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সদর দপ্তরে পাঠাতে চান। আগ্রহ ভরে বললেন, ‘দৌড়াদৌড়ি করে সব সংগ্রহ করেছি। এগুলো পাঠানোর পর যদি জানতে পারি আমার রেকর্ড হয়ে গেছে, তাহলে এই বাংলাদেশ গেমসই হতে পারে ক্যারিয়ারের শেষ। আর সেটি না হলে রেকর্ডের জন্য অপেক্ষা করব।’কথা বলতে বলতেই ভারোত্তোলন ফেডারেশনের জিমনেসিয়ামে আবার ওজন তুলতে ব্যস্ত হয়ে পড়েন বিদ্যুৎ। চোখে ঝিলিক দেয় আকাশ ছোঁয়ার স্বপ্ন।