ভারোত্তোলনে ছয়ে পাঁচ
অন্যদের মতো সোনার স্বপ্ন দেখা থেকে বিরতই ছিল তারা। এবারের এসএ গেমসে রুপাকেই সর্বোচ্চ পাওয়া হিসেবে দেখছিল ভারোত্তোলন ফেডারেশন। কিন্তু সেই ভারোত্তোলন থেকেই এল বাংলাদেশের প্রথম সোনা। এল ২টি করে রুপা আর ব্রোঞ্জও। ৬ জন ভারোত্তোলক অংশ নিয়ে সবাই কিছু না কিছু পেলেন। পেলেন না শুধু বিদ্যুত্ কুমার। তবে কাল বিদ্যুতের একটা দারুণ সম্ভাবনা ছিল ব্রোঞ্জ জেতার। জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেসিয়ামে ১০৫ কেজি ওজন শ্রেণীতে অংশ নিয়ে তিনি তোলেন ১৫৬ কেজি। ব্রোঞ্জ জেতা শ্রীলঙ্কার থুসিথা চানদারাত তুলেছেন তাঁর চেয়ে তিন কেজি বেশি। ভারোত্তোলনের শেষ ইভেন্ট ছিল ঊর্ধ্ব ১০৫ কেজি ওজন শ্রেণীর। এখানে ২৭৪ কেজি তুলে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশের ফিরোজ মাহমুদ। এই ক্যাটাগরিতে ৩৩৫ কেজি তুলে সোনা ভারতের সন্দীপের, রুপা শ্রীলঙ্কার রাপাসকার (২৯৮ কেজি)। হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেল ১০৫ কেজি ওজন শ্রেণীতে, চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের দুই ভারোত্তোলক শ্রীনিবাস ও আমিন মালিকের মধ্যে। স্ন্যাচের চেয়ে ক্লিন অ্যান্ড জার্কেই লড়াইটা হয়েছে জোরেশোরে। প্রথমে সাজ্জাদ এক ধাক্কায় ১০ কেজি ওজন বেশি তোলেন। পরে সেটি সমান করেন ভারতের শ্রীনিবাস। স্ন্যাচে ও ক্লিন অ্যান্ড জার্কে সমান ১৫০ ও ১৭৭ কেজি করে ওজন তুললে মোট স্কোরও (৩২৭ কেজি) সমান হয়ে যায় দুজনের। শেষে শ্রীনিবাসের শরীরের ওজন সাজ্জাদের চেয়ে তুলনামূলক কম থাকায় সোনাজয়ী ঘোষণা করা হয় শ্রীনিবাসকেই।