ভারোত্তোলনে দুই রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ গেমসের ভারোত্তোলনে কাল দুটি রেকর্ড হয়েছে। ৬৯ কেজি ওজন শ্রেণীতে সেনাবাহিনীর হামিদুল ইসলাম স্ন্যাচে ও ক্লিন অ্যান্ড জার্কে রেকর্ড গড়েছেন। মেয়েদের ৭৩ কেজি ওজন শ্রেণীতে ক্লিন অ্যান্ড জার্কে রেকর্ড গড়ে সোনা জিতেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মোল্লা সাবিরা সুলতানা। ছেলেদের ৫৬ কেজির সোনা জিতেছেন আনসারের আইনুদ্দিন, ৬২ কেজির সোনা সেনাবাহিনীর শিমুল কান্তির।সাইক্লিংয়ে আরেকটি রেকর্ড: কাল সাইক্লিংয়ে পুরুষদের ১২০০ মিটার অলিম্পিক স্প্রিন্টের দলগত ইভেন্টে বিজিবির রিপন, মনোয়ার ও সিরাজুল রেকর্ড গড়ে সোনা জিতেছেন। ৮টি ইভেন্টের ৫টি সোনাই জিতেছে আনসার। আগের দিন হারলেও কাল আকাশী সুলতানা সোনা জিতেছেন এলিমিনেশন রেসে। গত এসএ গেমসের আলোচিত সাইক্লিস্ট চিংবাই মারমা কাল ট্র্যাকে নেমে বিজেএমসির হয়ে দলগত রুপা জিতেছেন। ৪০০০ মিটার ব্যক্তিগত পারসুটে বিজেএমসির মিজানুর রহমান, ২০০০ মিটারে আনসারের শরিফা আক্তার, এলিমিনেশন রেসে একই দলের তরিকুল ইসলাম সোনা জিতেছেন।কুস্তি: কুস্তির প্রথম দিনে কাল নিষ্পত্তি হয়েছে তিনটি সোনার। ৮৪ কেজিতে বিজিবির মিজানুর, ৯৬ কেজিতে পুলিশের রফিকুল ও মেয়েদের ৪৮ কেজিতে আনসারের স্বর্ণা সোনা জিতেছেন।সমাপনী অনুষ্ঠান বর্ণিল নয়: আস্তে আস্তে শেষ হয়ে আসছে গেমস। বিদায়ের বাঁশি বেজে উঠতে শুরু হয়েছে। আগামীকাল হবে সমাপনী অনুষ্ঠান। তবে সাভার ট্র্যাজেডির কারণে গেমসের সমাপনী অনুষ্ঠানে কিছুটা কাটছাঁট করা হচ্ছে। আতশবাজি, সাংস্কৃতিক অনুষ্ঠান সবকিছুই বাদ দেওয়া হবে বলে জানা গেছে। গেমসে অংশ নেওয়া অ্যাথলেটরা মাঠে আসার পর মশাল নিভিয়ে গেমসের সমাপ্তি টানা হবে।ফুটবল ও ক্রিকেট ফাইনাল আজ: বঙ্গবন্ধু স্টেডিয়ামে আজ ফুটবলের সোনার লড়াইয়ে মুখোমুখি বরিশাল ও বিকেএসপি। ক্রিকেটের ফাইনালে রংপুর ও রাজশাহী মুখোমুখি হবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে।