ভারোত্তোলনে পদত্যাগের হিড়িক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ৯ জুন নির্বাচিত কমিটি ভেঙে ভারোত্তোলন ফেডারেশনে গঠন করা হয় অ্যাডহক কমিটি। কিন্তু সেই কমিটি থেকে পদত্যাগ করেছেন দুই সদস্য—আবুল কালাম আজাদ ও হাবিবুর রহমান। পরশু জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) চেয়ারম্যান বরাবর এই পদত্যাগপত্র জমা দিয়েছেন দুজন। ফেডারেশনের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানালেন, আরও কয়েকজন সদস্য শিগগিরই পদত্যাগ করতে যাচ্ছেন।
নতুন কমিটি এখন পর্যন্ত ঘরোয়া বা আন্তর্জাতিক কোনো প্রতিযোগিতার আয়োজন করেনি। ভারোত্তোলকেরা অনুশীলনও করতে পারছেন না ঠিকমতো। এ কমিটি দায়িত্ব নেওয়ার পরপরই ফেডারেশন কর্মকর্তাদের অজ্ঞতার কারণে রিও অলিম্পিকে যেতে পারেননি এসএ গেমসে সোনাজয়ী মাবিয়া আক্তার সীমান্ত। এরপর সেপ্টেম্বরে জর্ডানে অনুষ্ঠিত আফ্রো-এশিয়ান কাপেও অংশ নিতে পারেনি বাংলাদেশ দল। অথচ গত বছর এই প্রতিযোগিতায় রুপা জেতেন সীমান্ত, ব্রোঞ্জ জেতেন মোস্তাইন বিল্লাহ।
অ্যাডহক কমিটি গঠন করার তিন মাসের মধ্যেই নির্বাচন দেওয়ার নিয়ম থাকলেও আপাতত সেই সম্ভাবনা নেই বলেই জানালেন এনএসসির সচিব অশোক কুমার বিশ্বাস, ‘এ মুহূর্তে আমাদের পরিকল্পনায় নির্বাচন নেই।’